× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনে পদোন্নতি-পদায়নে ভাগ্য খুলছে বঞ্চিতদের

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৫ এএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: সংগৃহীত

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন হয়েছে এক দফা। এবার আভাস পাওয়া যাচ্ছে দ্বিতীয় ধাপের রদবদলের। এই পরিবর্তনে দীর্ঘদিন পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত কর্মকর্তাদের কতটা মূল্যায়ন করা হবেÑ সেটিই এখন প্রশাসনের ভেতরে সবচেয়ে বেশি আলোচিত বিষয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিয়মিত ব্যাচের কর্মকর্তাদের পাশাপাশি দীর্ঘদিন পিছিয়ে থাকা কর্মকর্তাদের মধ্য থেকেও যোগ্য ও অভিজ্ঞদের সচিবসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে প্রশ্ন হচ্ছেÑ বঞ্চিত হলেই কি পদোন্নতি? নাকি বঞ্চনার ইতিহাসের সঙ্গে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট পদের উপযোগিতার কঠোর মূল্যায়ন হবে?

দ্বিতীয় দফায় বড় পরিবর্তনের আভাস

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়া কর্মকর্তাদের বিষয়ে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। তবে এ প্রক্রিয়ার মূল পরীক্ষা হবে বাছাইয়ের মানদণ্ডে। রাজনৈতিক পরিচয় বা আনুগত্য নয়; জ্যেষ্ঠতা, চাকরির রেকর্ড, প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা, সততা, পেশাদারত্ব ও সংশ্লিষ্ট পদে কাজ করার সক্ষমতা কতটা গুরুত্ব পাবেÑ সেটিই দেখার বিষয়।

বঞ্চনার হিসাব

অভিযোগ উঠেছে, আওয়ামী সরকারের দীর্ঘ সময়ে রাজনৈতিক বিবেচনায় অনেক কর্মকর্তা পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়ন থেকে বঞ্চিত হয়েছেন। কেউ পদোন্নতি পেলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা মাঠ প্রশাসনে দায়িত্ব পাননি। কেউ ছিলেন অপেক্ষমাণ বা ওএসডি। নবম ব্যাচ থেকে পরবর্তী বিভিন্ন ব্যাচের কর্মকর্তার মধ্যেও এমন অনেকে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তাদের কেউ ‘লেফট আউট’ হিসেবে পরিচিত, অর্থাৎ নিজ ব্যাচের অন্যদের তুলনায় পদোন্নতি বা দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন। এখন সামনে এসেছে তাদের মধ্য থেকে যোগ্যদের গুরুত্বপূর্ণ পদে আনার আলোচনা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেই একটি মত রয়েছে, শুধু বঞ্চিত ছিলেন বলে কাউকে সচিব করা যেমন যৌক্তিক নয়, তেমনই বঞ্চনার কারণে যোগ্য কর্মকর্তাকে উপেক্ষা করাও প্রশাসনের জন্য ক্ষতিকর। 

আলোচনায় ৫০-৬০ কর্মকর্তা

সচিবসহ শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে নতুন নিয়োগের সম্ভাব্য তালিকায় ৫০ থেকে ৬০ কর্মকর্তার নাম নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এতে নিয়মিত ব্যাচের কর্মকর্তাদের পাশাপাশি দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তারাও রয়েছেন। তবে এই সংখ্যা বা তালিকা চূড়ান্ত নয়। সুপেরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মূল্যায়ন, চাকরির রেকর্ড, জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, যোগ্যতা ও সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে আসতে পারে পরিবর্তন। অর্থাৎ আলোচনার কেন্দ্রে শুধু ‘কারা বঞ্চিত’Ñ এ প্রশ্ন নয়; বরং কে কোন দায়িত্ব পালনের জন্য উপযুক্ত সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

‘কোর পয়েন্টে’ পরিবর্তনের প্রভাব

সচিবালয়কে সরকারের প্রশাসনিক স্নায়ুকেন্দ্র বলা হয়। এখানেই নির্ধারিত হয়Ñ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নীতি, পরিকল্পনা, বাজেট, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও সিদ্ধান্ত বাস্তবায়নের প্রশাসনিক কাঠামো।

অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা-সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামো ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্বে থাকা কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে সরকারের নীতি বাস্তবায়নের বিষয়টি সরাসরি যুক্ত। তাই সচিব বা সমমর্যাদার পদে নিয়োগকে কেবল নিয়মিত পদোন্নতি কিংবা বদলি হিসেবে দেখার সুযোগ নেই। এসব পদে কে আসছেন, তার ওপর সরকারের নীতিনির্ধারণ ও বাস্তবায়নের গতি নির্ভর করে অনেকাংশে।

এসএসবির সামনে বড় পরীক্ষা

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সুপেরিয়র সিলেকশন বোর্ডের মূল্যায়ন গুরুত্বপূর্ণ। এবার সেই মূল্যায়নের সামনে রয়েছে একাধিক জটিলতা। পুরনো কয়েকটি ব্যাচে কর্মকর্তার সংখ্যা বেশি। তাদের মধ্য থেকে সচিব হওয়ার উপযুক্ত কর্মকর্তাদের বাছাই করতে হবে। 

আবার অপেক্ষাকৃত পরের ব্যাচে কর্মকর্তার সংখ্যা কম হওয়ায় জ্যেষ্ঠতা ও পদসংখ্যার সমীকরণ ভিন্ন হতে পারে। এ ক্ষেত্রে শুধু চাকরির বয়স নয়Ñ অবসরের আগে একজন কর্মকর্তা কত সময় দায়িত্ব পালন করতে পারবেন, তার কোন ধরনের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এবং যে পদে তাকে দেওয়া হবে, সেই পদের সঙ্গে অভিজ্ঞতার সামঞ্জস্য কতটা রয়েছেÑ এসবও গুরুত্বপূর্ণ।

বদলির চেয়ে বড় প্রশ্ন প্রক্রিয়ায়

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সময়ে প্রশাসনে একাধিক স্তরে পরিবর্তন এসেছে। এপ্রিল মাসে ২০ জন অতিরিক্ত সচিবকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়। আগস্টেও মন্ত্রিসভায় বড় পরিবর্তন এসেছে। এখন সচিব ও শীর্ষ প্রশাসনিক পদে আরও পরিবর্তন এলে তার প্রভাব পড়বে সরকারের নীতি বাস্তবায়ন কাঠামোয়।

তবে শুধু মুখ পরিবর্তন করলেই প্রশাসনিক সংস্কার হয় না। নিয়োগ-পদায়নের প্রক্রিয়া যদি স্বচ্ছ, পূর্বনির্ধারিত ও যোগ্যতাভিত্তিক না হয়, তাহলে নতুন নিয়োগও পুরনো প্রশ্নের জন্ম দিতে পারে। একজন সচিবের বদলে আরেকজন আসবেন; কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি যদি একই থাকে, তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তন সীমিতই থেকে যেতে পারে।

সাবেক সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ ড. আনোয়ার ফারুকের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নীতির সঙ্গে কাজ করতে সক্ষম কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া প্রয়োজন। কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা একরকম নয়; তাই দায়িত্ব বণ্টনের ক্ষেত্রেও যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত।

চুক্তিভিত্তিক নিয়োগেও নজর

শীর্ষ প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টিও আলোচনায় রয়েছে। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারায় তাকে এই নিয়োগ দেওয়া হয়। এতে একটি বিষয় স্পষ্টÑ সরকার প্রয়োজন অনুযায়ী অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্মকর্তাকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার পথ খোলা রাখছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা