উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
পঞ্চমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন।
আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিজিএসের সভাপতি ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান। তিনি জানান, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবারের সম্মেলনে অংশ নেবেন। সেই সঙ্গে থাকবেন কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, প্রযুক্তিবিদ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
জিল্লুর রহমান বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চল ঘিরে তৈরি হওয়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা সম্মেলনের অন্যতম লক্ষ্য। সেই সঙ্গে ভূ-রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে সম্মেলনের পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়গুলো আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এবারের সম্মেলনে বৈশ্বিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এসব সংলাপে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলন পাঁচটি কৌশলগত স্তম্ভের ওপর সাজানো হয়েছে। এগুলো হলোÑ পরিবর্তনশীল ক্ষমতার রাজনীতি : ভূ-রাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা; প্রযুক্তির নতুন দিগন্ত : কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্যের ক্ষমতা; অর্থনীতির নতুন ভূগোল : বাণিজ্য, সংযোগ ও প্রবৃদ্ধির নতুন বাস্তবতা; জলবায়ু, স্থিতিস্থাপকতা ও মানব নিরাপত্তা এবং আস্থা, গণতন্ত্র ও সুশাসনের ভবিষ্যৎ। পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্বের ফোরাম, কৌশলগত সংলাপ, স্টুডিও সংলাপ, আমন্ত্রণভিত্তিক গোলটেবিল বৈঠক ও ছোট পরিসরের মতবিনিময়ের মাধ্যমে এসব বিষয়ে আলোচনা হবে।