রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: বিবিসি বাংলা
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানির নতুন চালান ঢাকায় পৌঁছেছে।
ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাশিয়ার তৈরি ইলিউশিন-৭৬ (আইএল-৭৬) বিমানটিতে এই জ্বালানি আনা হয়েছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী জ্বালানি নামানোর প্রক্রিয়া শুরু হয়।
পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব পারমাণবিক জ্বালানি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
পরিবহনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যমুনা সেতু ও মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে প্রয়োজনে একটি লেন যান চলাচলের জন্য ফাঁকা রাখার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে রাশিয়া থেকে আসা কার্গো বিমানটির পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম তখন জানিয়েছিলেন, রুটটি একাধিক দেশের ওপর দিয়ে হওয়ায় পাকিস্তানের অনুমতি প্রয়োজন ছিল।
পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম নতুন সূচিতে অক্টোবরের প্রথম সপ্তাহে চালান পাঠানোর কথা জানায়।
পাকিস্তানের হাইকমিশন অবশ্য জানিয়েছে, ওভারফ্লাইট অনুমোদন নির্ধারিত নিয়ন্ত্রক নির্দেশনা ও বেসামরিক বিমান চলাচল প্রটোকল অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়। সংশ্লিষ্ট জটিলতা ছিল কারিগরি ও প্রক্রিয়াগত।
রূপপুর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন চালানটি প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কমিশনিংয়ের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ধারাবাহিকতার অংশ। আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত কয়েক দফায় আরও জ্বালানি আসার কথা রয়েছে। মোট নয়টি ফ্লাইটে দুই শতাধিক ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত প্রয়োজনের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি অ্যাসেম্বলি আসবে।
রূপপুরে রাশিয়ার ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
এদিকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেফটি ভালভের উচ্চচাপ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ১৬ মেগাপাসকেল চাপের পরীক্ষায় ভালভের কার্যকারিতা যাচাই করা হয়।
এর আগে পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময়সূচি পিছিয়ে যায়। তবে সর্বশেষ পরীক্ষার পর কমিশনিং কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে আরও প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করতে হবে।