জাতীয় পথশিশু দিবস আজ
গাজীপুর সিটি প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১০:১৪ এএম
আদরে-অনাদরে বেড়ে উঠছে পথশিশুরা। গাজীপুর থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রতিবছর ২ অক্টোবর জাতীয় পথশিশু দিবস ঘটা করে পালিত হলেও সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় কর্মসূচি, থেমে যায় আলোচনা। অথচ যাদের নিয়ে এত আয়োজন, সেই পথশিশুদের অনেকেই তখনও ফুটপাত, রেলস্টেশন কিংবা ফুটওভার ব্রিজে রাত কাটায়।
সরকারি-বেসরকারি নানা উদ্যোগ, একাধিক মন্ত্রণালয়ের প্রকল্প এবং কোটি কোটি টাকার বরাদ্দের পরও দেশে পথশিশুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। সম্ভাবনাময় এসব শিশুর কেউ হকারি, কেউ কুলিগিরি, কেউ ফুল বিক্রি, কেউ আবর্জনা সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত।

কেউ আবার মাদক বহন ও যৌন শোষণের শিকার হচ্ছে। একসময় যাদের ভবিষ্যতের মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার কথা, তাদের একটি অংশ ধীরে ধীরে চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অপরাধচক্রে জড়িয়ে পড়ছে।
ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২’ অনুযায়ী, দেশের পথশিশুদের ০.৭ শতাংশ গাজীপুরে। জেলায় প্রায় ১৭ লাখ শিশু থাকায় এ হিসাবে পথশিশুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১১ হাজার ৯০০ জন। কিন্তু গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসে পথশিশুদের আলাদা কোনো পরিসংখ্যান নেই।
সরেজমিনে গাজীপুর মহানগরের জয়দেবপুর জংশন, ফুটওভার ব্রিজ, বোর্ডবাজার, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুর দেখা মিলেছে। তাদের বড় একটি অংশের নেই জন্মনিবন্ধন সনদ, যা সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার অন্যতম প্রধান শর্ত।
গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান শরীফ বলেন, পথশিশুদের জন্য সরকার ‘শিশু সুরক্ষা ও পুনর্বাসন কেন্দ্র’ করেছে। প্রথম শ্রেণির কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শিশুরা সেখানে যেতে পারে।
মহিলা অধিদপ্তরের ‘প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস’ প্রকল্পের গাজীপুর জেলার চাইল্ড রাইটস অফিসার সাবিহা সুলতানা জানান, টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার শিশু সুরক্ষা কমিউনিটি হাবে ১৮ বছর পর্যন্ত পথশিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চলছে।
অন্যদিকে গাজীপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আবুল হাসান বলেন, গাছার বড়বাড়ী এলাকায় গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ১৪ থেকে ২৪ বছর বয়সীদের রেফ্রিজারেশন ও ইলেকট্রনিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে মা-বাবার পরিচয় ও জন্মনিবন্ধন না থাকা শিশুদের জন্য আপাতত কোনো কার্যক্রম নেই।
জন্মনিবন্ধন নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন বলেন, নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে জন্মনিবন্ধন করা গেলেও অভিভাবক ছাড়া তা দেওয়ার সুযোগ নেই।
ফলে পথশিশুদের পুনর্বাসনে নানা প্রকল্প থাকলেও পরিচয়হীনতার দেয়ালেই আটকে যাচ্ছে তাদের নাগরিক অধিকার। দিবসের এক দিনের আয়োজন পেরিয়ে এই শিশুদের পরিচয়, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।