বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:৪২ পিএম
ছবি: বিবিসি
কয়লা সংকটের কারণে ভারতের আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে ৫০০-৬০০ মেগাওয়াটে নেমে এসেছে। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১ ট্রিপ করায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ইউনিটটি আবার চালু করতে চার দিন সময় লাগবে বলে বিপিডিবিকে জানিয়েছে আদানি।
বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, “কয়লা সংকটের কারণে আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমেছে। এর মধ্যে ইউনিট-১ বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ আরও কমে গেছে।”
তিনি জানান, বন্ধ হওয়া ইউনিট-১ আবার চালু করতে চার দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানানো হয়েছে। মূলত দুটি সমস্যার কারণে উৎপাদন কমে এসেছে। গড়ে সরবরাহ এখন ৫০০ থেকে ৬০০ মেগাওয়াটের মধ্যে রয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আদানির বিদ্যুৎ সরবরাহ ছিল ৫৫৮ মেগাওয়াট।
এর আগে ২৯ সেপ্টেম্বর পিক আওয়ারে আদানির বিদ্যুৎ সরবরাহ ছিল ৮৩৪ দশমিক ১৪ মেগাওয়াট। সরবরাহ কমার কারণ হিসেবে কয়লা সংকটের কথা উল্লেখ করেছে পিজিবি। কয়লা সংকট দেখা দেওয়ার আগে কেন্দ্রটি থেকে পিক আওয়ারে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। ২৭ সেপ্টেম্বর সরবরাহ ছিল ১ হাজার ৩২৩ দশমিক ০৬ মেগাওয়াট এবং ২৬ সেপ্টেম্বর ১ হাজার ৩০৮ দশমিক ৮৭ মেগাওয়াট।
আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এর মধ্যে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ অ্যাভেইলেবিলিটি ফ্যাক্টর অনুযায়ী বাংলাদেশে সরবরাহের কথা রয়েছে। গত কয়েক মাসে কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটেছে। মূলত অতিবৃষ্টিতে কয়লার প্রাপ্যতা ও পরিবহন সংকটের কারণেই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
এদিকে আদানির বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডের ওপর চাপ আরও বেড়েছে। কারণ একই সময়ে দেশের বেশ কয়েকটি গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও কমেছে। আদানি ও আরও কয়েকটি বড় বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় ২৯ ও ৩০ সেপ্টেম্বরÑ টানা দুদিনই দেশে লোডশেডিং ২ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়।