প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম
‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ছবি: বিমানবাহিনীর সৌজন্যে
‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথি বলেন, সাইবার নিরাপত্তা এখন বিমানবাহিনীর অপারেশনাল প্রয়োজনের অবিচ্ছেদ্য অংশ। অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করতে নিরাপদ ও সাইবার হুমকি মোকাবিলায় সক্ষম ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিমানবাহিনীর আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি (সিডব্লিউঅ্যান্ডআইটি) পরিদপ্তরের পরিচালক স্বাগত বক্তব্য দেন।
মাসব্যাপী কর্মসূচিতে বিভিন্ন ঘাঁটিতে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময় সভা ও কুইজ অনুষ্ঠিত হবে। বিমানবাহিনীর পরিবারের সদস্য এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্যও থাকবে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম।