প্রধানমন্ত্রীকে বহনকারী বাস বৃহস্পতিবার দুপুর ১টা ২৬ মিনিটে ফেনী সদর হাসপাতাল মোড় এসে পৌঁছায়। ছবি: বাসস
সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফেরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাস বৃহস্পতিবার দুপুর ১টা ২৬ মিনিটে ফেনী সদর হাসপাতাল মোড় এসে পৌঁছায়।
জেলার উত্তরের সীমান্তবর্তী জনপদ পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরের শুরুতে পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরি সেতু এলাকায় ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী যাবেন ফুলগাজীতে। সেখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন। সেখানে ডাকবাংলোয় স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। একই অনুষ্ঠানে ফুলগাজীর মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী প্রদান করা হবে। পরে ওই মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি।
সফর শেষে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতামহ এয়াকুবন্দর মজুমদারের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও ফেনী-১ আসনের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ১৯৯১ সাল থেকে তিনি একাধিকবার এ আসন থেকে নির্বাচিত হন।