প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:০৭ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৩:২৮ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: ভিডিও থেকে
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রটি হামলা ও ভাঙচুরের পর গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কিছু নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠায় ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো বার্তায় এসব সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।
এদিকে রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় মিষ্টির ভূমিকা নিয়ে তদন্ত চলছে বলে বুধবার জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না”।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মা ও শিশুস্বাস্থ্য, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল। হামলা ও ভাঙচুরের পর প্রতিষ্ঠানটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।