প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:৪২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭ পিএম
ওটিটি কনটেন্টসংক্রান্ত সংশোধিত খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রবিবার (৮ জানুয়ারি) এটি আদালতে দাখিল করা হয়। বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন খসড়া থেকে ‘সংবাদ বা টক শো’ শব্দাবলী বাদ দেওয়ায় সেগুলো আর ওটিটি কনটেন্ট হিসেবে বিবেচিত হবে না।
বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে ‘ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান, পরিচালনা এবং বিজ্ঞাপন প্রদর্শন’ শীর্ষক খসড়াটি জমা দেওয়া হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী বুধবার (১১ জানুয়ারি) দিন ধার্য করেছেন।
ওটিটি প্ল্যাটফর্মে অনৈতিক-আপত্তিকর ভিডিও কনটেন্ট রোধের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ২০২০ সালে একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারির পাশাপাশি খসড়া নীতিমালা দাখিলের নির্দেশ দেন। সে ধারাবাহিকতায় গত জুনে ওটিটি থেকে অশ্লীলতারোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল করা হয়। তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির পক্ষ থেকে পৃথক এ খসড়া দাখিল করা হয়। গত বছরের ২১ জানুয়ারি অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডির মতো প্ল্যাটফর্মগুলোর বিষয়ে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত।
রবিবার আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব। রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। তথ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী তানভীর আহমেদ বলেন, “ওটিটি থেকে অশ্লীলতারোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া নীতিমালা থেকে সংবাদ বা টক শো বাদ দেওয়া হয়েছে। ফলে সংবাদ বা টক শো আর এই আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে না।’
তিনি জানান, সংশোধিত খসড়া অনুযায়ী ওটিটি একধরনের মিডিয়া পরিষেবা, যা ইন্টারনেট বা সমজাতীয় প্রযুক্তির মাধ্যমে নানা বিনোদনমূলক অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার করে। এটি একটি ভিডিও অন ডিমান্ড কনটেন্ট সেবা।
এর আগে গত জুনে দাখিল করা খসড়ায় বলা হয়েছিল, ‘ওটিটি প্ল্যাটফর্মে সংজ্ঞায়িত কনটেন্ট ব্যতিত কেবলমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান, বিজ্ঞাপন ইত্যাদি প্রচার করা যাবে। তবে কোনোক্রমেই সংবাদ বা টক শো পরিবেশন করা যাবে না।’
সংশোধিত খসড়ায় ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টভিত্তিক পরিষেবা ও বিজ্ঞাপন যাতে মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থি না হয় সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রচলিত আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষার কথা বলা হয়েছে।
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত কিছু প্রচার করলে নিবন্ধন কর্তৃপক্ষ তা অপসারণের নির্দেশ দিতে পারবেন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং রাষ্ট্রীয় মূলনীতিকে অসম্মান করা যাবে না। শিশুর অংশগ্রহণে যৌনাচার সংক্রান্ত কোনো কনটেন্ট, জঙ্গিবাদকে উৎসাহিত করে বা রাষ্ট্রীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে এমন কিছু প্রচার করা যাবে না। এ ছাড়া অন্যকোনো দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হয়, এমন কিছুও প্রচারের সুযোগ নেই।