প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০৯:১৯ এএম
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে একদিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে সকাল ৯টার দিকে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরামে যাবেন। সেখানে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকালে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।