বিশ্ব প্রবীণ দিবস
প্রবা প্রতিবেদক, ঢাকা ও চাঁদপুর
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০৮:৪৭ এএম
চাঁদপুর জজ কোর্ট প্রাঙ্গণে বই বিক্রির ফাঁকে পাতা উল্টাচ্ছেন মজিবুর রহমান তালুকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রবীণরা সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভান্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা। তারা শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্য একটি ভিত্তি ও দিকনির্দেশনা। তাদের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর ১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসে প্রবীণ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ানো হয়। এবারের দিবসের প্রতিপাদ্যÑ ‘দ্য এইজ অব লংজিবিটি : রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’।
বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি এবং জীবনমানের উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলে পৃথিবীর সব দেশেই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। মানুষের স্বাভাবিক জীবনচক্রের অংশ হিসেবে বার্ধক্যে উপনীত হওয়া অনিবার্য। তাই প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেছেন, প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এজন্য বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের অভিজ্ঞতার উৎস হলেও অনেক ক্ষেত্রেই প্রান্তিক প্রবীণদের বাস্তব জীবনচিত্র ভিন্ন এক করুণ গল্পের সাক্ষী। তাদেরই একজন ৭২ বছর বয়সী বই বিক্রেতা মো. মজিবুর রহমান তালুকদার। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে চাঁদপুর জজ কোর্টের আইনজীবী সমিতির ভবনের সামনে বই বিক্রি করে আসছেন তিনি। বয়স ও বার্ধক্যের ভারে যখন তার বিশ্রামে থাকার কথা, ঠিক এই বয়সেও পেটের দায়ে প্রতিদিন বইয়ের পসরা সাজিয়ে বসে থাকতে হয় তাকে। অথচ একাধিকবার আবেদন করেও বয়স্ক ভাতার কার্ড পাননি তিনি। ক্ষুব্দ মজিবুরের প্রশ্নÑ আর কত বয়স হলে মিলবে বয়স্ক ভাতার কার্ড।
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের তালুকদার বাড়ির এই বাসিন্দা জীবনের সাত দশক পেরিয়েছেন। একসময় রাজধানীর নীলক্ষেতে বইয়ের ব্যবসা শুরু করলেও ২০০৭ সাল থেকে তিনি চাঁদপুরের আইনজীবী সমিতির সামনে বই বিক্রি শুরু করেন। স্ত্রী, এক মেয়ে ও পাঁচ ছেলেকে নিয়ে তার সংসার। গত কয়েক বছর ধরে পুঁজি সংকটের কারণে ঋণ নিয়ে ব্যবসার মূলধন জোগাড় করতে হচ্ছে তাকে।
মজিবুর রহমান তালুকদার বলেন, আগে যেখানে চার-পাঁচশ উকিল ও দেড়শ মানুষের মতো লোক বই কিনত। এখন অনলাইনে বই পাওয়ার কারণে এবং মানুষ দুই-চার জোড়া বই কেনায় তার ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। ফলে সংসার চালাতে অসুবিধা হচ্ছে। রাষ্ট্র ও সমাজের একটু সহানুভূতি চান তিনি। সেই সঙ্গে চানÑ একটি বয়স্ক ভাতা কার্ড, যা তার শেষ বয়সের সহায় হয়ে দাঁড়াবে।