× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজির দামে লাগাম টানতে কঠোর হচ্ছে সরকার

দীপক দেব

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০৮:৪৪ এএম

এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছে সরকার। এ কারণে আমদানিকারকদের কাছ থেকে তথ্য সংগ্রহের পর এবার মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এ ছাড়া ডিসিদের দেওয়া মাঠচিত্র পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিইআরসি থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হলেও সরবরাহ সংকটের কারণে বর্তমানে তা ২ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। এলপিজি সরবরাহের এমন সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে বাসাবাড়ির রান্নাবান্নায় এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোকে বাড়তি অর্থ খরচ করতে বাধ্য করছে এই সরবরাহ সংকট ও খুচরা বাজারের সিন্ডিকেট।

গত সোমবার আমদানিকারকদের সঙ্গে বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর সরকার নিশ্চিত হয়েছে, আমদানি পর্যাপ্ত হওয়ার পরও মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে। এর পর নড়েচড়ে বসেছে জ্বালানি বিভাগ। মন্ত্রী এখন বিষয়টি নিজে তদারকি করছেন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার সারা দেশের জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে মন্ত্রী বলেন, “দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কিছু জায়গায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেন এলপিজির ঘাটতির কথা শোনা যাচ্ছে এবং কেন অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, সে বিষয়ে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে”।

মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা তথ্য পাঠানোর পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেসব এলাকায় সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনকে অধিকতর সজাগ ও সতর্ক থাকারও নির্দেশ দেন মন্ত্রী।

জানতে চাইলে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাবেত আলী বুধবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সাপ্লাই চেইন পুরোপুরি ঠিক আছে। দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে। অতিরিক্ত মুনাফার জন্য মধ্যস্বত্বভোগীরা যেন সুযোগ নিতে না পারে, তা ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে”।

উল্লেখ্য, বাংলাদেশে বছরে ১৭ থেকে ১৮ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। দেশের প্রায় ১ কোটি গ্রাহক এই জ্বালানির ওপর নির্ভরশীল। মোট ব্যবহারের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় বাসাবাড়ির রান্নার কাজে। এর বাইরে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে ১২ শতাংশ, যানবাহনে ৫ শতাংশ ও অন্যান্য ৩ শতাংশ ব্যবহার হয়। অন্যদিকে এ খাতের চাহিদার প্রায় ৯৯ শতাংশ সরবরাহ করে বেসরকারি খাত, আর সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১ শতাংশ। এনবিআরের তথ্য অনুসারে, চলতি বছরের আগস্টে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং সেপ্টেম্বরে (২২ তারিখ পর্যন্ত) ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি আমদানি করা হয়েছে।

চাহিদার চেয়ে কম পাওয়ার দাবি খুচরা ব্যবসায়ীদের

অধিকাংশ কোম্পানি চাহিদা অনুযায়ী এলপিজি সিলিন্ডার সরবরাহ করতে পারছে না বলে দাবি করেছেন এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, বিইআরসি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা করে দিলেও ১ হাজার ৬৫০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। এ ছাড়া পাঁচ দিন, সাত দিন, এমনকি আট দিন অপেক্ষা করে রেশনিং করে আমাদের মাল আনতে হচ্ছে। অনেক কোম্পানি তাদের কাছে সম্পূর্ণভাবে গ্যাস না থাকায় বিক্রি বন্ধ করে দিয়েছে। বিষয়টি নিয়ে ভোক্তাকেও জানানো হয়েছে। তারা আমাদের বলেছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিষয়টি মনিটরিং করা হবে।

গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের সুযোগ নিয়ে সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছেÑ এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

খিলগাঁও তিলপাপাড়ার স্কুলশিক্ষক শিউলী ইকবাল বলেন, “আগে কল দিলে সিলিন্ডার দিয়ে যেত। গত সোমবার কল দিয়েছিলাম। জানাল যে, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ টাকা দিতে হবে। নিরুপায় হয়ে নিতে হয়েছে”।

কোন জায়গায় সমস্যা হচ্ছে, তা চিহ্নিত করে সরকারকে এ বিষয়ে সমাধানে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, “এলপিজির বাজার দেখভালের জন্য সরকারের একাধিক প্রতিষ্ঠান রয়েছে। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত হিসাব অনুযায়ী দাম কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব তাদের”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা