× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০৮:২৮ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ০৮:৩৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সকালে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধনের পর স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

পরে দুপুরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মঙ্গলবার ও বুধবার বিকেলে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতি সরেজমিনে দেখেন। এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রীও সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল্লাহ জানান, ফেনীতে মোট ৫ হাজার ৬৪৩ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ১২ জন সমাবেশে উপস্থিত থাকবেন। তাদের মধ্য থেকে ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি কার্ড গ্রহণ করবেন।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের নারীপ্রধানকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড গ্রহণ করবেন। অন্যদের কার্ডের অর্থ মোবাইল ফোনে পাঠানো হবে।

ফেনী ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব জানান, জেলায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের মোট ২৭৫ জনকে সম্মানীর জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্য থেকে ছয়জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, দুজন সেবায়েত এবং দুজন পুরোহিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে সফরের নতুন তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা