× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম-বিয়ের প্রস্তাবও আসে ৯৯৯-এ

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কলগ্রহীতা নারী হলেই সমস্যা পাল্টে যায় জাতীয় জরুরি সেবা নেওয়ার জন্য ফোন করা অনেকের। কখনও বিয়ের প্রস্তাব দিয়ে, কখনওবা প্রেমের প্রস্তাব দিয়ে বসে সময় কাটাতে চায়। কেউ আবার আর্থিক সহায়তার জন্য টাকা চায়, মোবাইল ফোনে নেট কানেকশন পেতে রিচার্জ বা ফ্লেক্সিলোড করে দেওয়ার আবদারও করে বসে। কখনও পাওয়া যায় দুষ্ট সন্তানের মায়ের ফোনÑ খেতে চাইছে না, ওষুধ দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে, বাচ্চা খুব কান্নাকাটি করছে; পুলিশ কি পারে না ভয় দেখিয়ে বাচ্চাকে খাওয়াতে? কেউ কেউ ফোন করেন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে। কোনো কোনো কলার আবার আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্তও করেন ভুয়া তথ্য দিয়ে।

এ ধরনের অসংখ্য অপ্রয়োজনীয়, হাস্যকর কল হরদম আসে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এর সেন্টারে। কোনো অবসরে যাওয়া ব্যক্তি হয়তো ফোন করে বলেন, সময় কাটছে না বলে তাকে ঘুম পাড়িয়ে দিতে। কেউ আবার কল করেই শুরু করেন গালিগালাজ। জাতীয় জরুরি সেবার শুরু থেকে কল করতে কোনো টাকা-পয়সা লাগে না। সম্পূর্ণ টোল ফ্রি (মাশুল ছাড়া) হওয়ার কারণে কলারদের অনেকে বেশ আয়েশ করেই হয়তো মজা করে থাকে। এভাবে এখানে যত কল আসে, হিসাব করে দেখা গেছে, তার ৫৫.১৪% কলই অপ্রয়োজনীয়। দিন যত যাচ্ছে, এ ধরনের কল যেন ততই বেড়ে চলেছে। ঠেকানো যাচ্ছে না, আবার কল না ধরলেও চলছে না। এ কারণে অনেক ক্ষেত্রেই জীবনরক্ষাকারী প্রকৃত জরুরি সেবা দিতে দেরি হচ্ছে বা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যেকোনো স্থান থেকে টোল-ফ্রি নম্বর ৯৯৯-এ কল করে সপ্তাহের ৭ দিনের ২৪ ঘণ্টাই জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবেÑ এমন প্রতিশ্রুতি দিয়ে জাতীয় জরুরি সেবা চালু করা হয়েছিল ২০১৭ সালের ১২ ডিসেম্বর। বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত এই সেবায় দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যক্তি পুলিশি সেবা হিসেবে, অপরাধ, দুর্ঘটনা, আইনশৃঙ্খলা বা নিরাপত্তাঝুঁকি বিষয়ক সেবা নিতে পারেন। জমি বিরোধ, পারিবারিক সহিংসতাসহ নানা অভিযোগও এখানে আসে। ফায়ার সার্ভিসের কাছ থেকে নেওয়া যায় আগুন লাগা বা দুর্ঘটনা, উদ্ধারজনিত সেবা। আর অ্যাম্বুলেন্স সেবা হিসেবে নেওয়া সম্ভব জরুরি রোগীর ক্ষেত্রে হাসপাতালে স্থানান্তর করার সেবা।

দেশের মানুষের আস্থা ও নির্ভরতার অন্যতম প্রতীক এখন ৯৯৯। যেকোনো সংকটময় মুহূর্তে ও দুর্ঘটনায় দেশের যে কোন প্রান্ত থেকে ফোন করলেই মিলছে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ নানা সুবিধা। রাজধানীর আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুম থেকে দেশের জনগণকে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা এই সেবা দেওয়া হচ্ছে। থানায় গিয়ে অভিযোগ করার বদলে ৯৯৯-এ অভিযোগ জানালে দ্রুত সাড়া মিলছে বলে মানুষ এখন জাতীয় জরুরি সেবা নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। 

তবে পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন, অসচেতনতা ও কৌতূহলবশত অসংখ্য অপ্রয়োজনীয় কল আসায় জরুরি মুহূর্তে সঠিক সেবাপ্রত্যাশীদের লাইন পেতে দেরি হচ্ছে, যা ক্ষেত্রবিশেষে মানুষের জীবন ও সুরক্ষাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। অন্যের জীবন বাঁচাতে এবং প্রকৃত সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অপ্রয়োজনীয় কল করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

জাতীয় জরুরি এ সেবায় ১০০টি লাইনে তিন শিফটে তিন শতাধিক কর্মী সেবা দেন। প্রতি মিনিটে তারা ১২০টি ফোন কল গ্রহণ করতে পারে। এজন্য ৮০ জন কল অপারেটর নিযুক্ত থাকেন। পাশাপাশি, ১৬ জন ডেসপ্যাচার ফোন কল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তদারকি করেন এবং চারজন সুপারভাইজার পুরো অপারেশন পর্যবেক্ষণ করেন।

জাতীয় জরুরি সেবা সূত্র জানায়, ৯৯৯ নম্বরে ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত মোট কল এসেছে ৭ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫৪৯টি। এর মধ্যে সেবা দেওয়া হয়েছে মোট ৩ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১১৮টি কলেÑ যা মোট কলের ৪৪ দশমিক ৮৬ শতাংশ। বিপরীতে সেবা দেওয়া হয়নি এমন কল এসেছে ৪ কোটি ১০ লাখ ২৩ হাজার ৪৩১টি, যা মোট কলের ৫৫ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ জরুরি সেবার তুলনায় অযাচিত ও অপ্রয়োজনীয় কলের সংখ্যাই বেশি। প্রকৃত জরুরি কল বা ‘ইমার্জেন্সি কল ফর সার্ভিস (সিএফএস)’ ছিল মোট ২৮ লাখ ৪২ হাজার ৫৮৩টি। এসব কলের মধ্যে পুলিশের সহায়তা চেয়েছে ২৩ লাখ ৮৬ হাজার ৩৪০টি, ফায়ার সার্ভিস সহায়তা চেয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩৩টি, অ্যাম্বুলেন্স চেয়েছে ২ লাখ ৩৯ হাজার ৯১০টি।

তবে সবচেয়ে বেশি উদ্বেগজনক হলো ফাঁকা কল ও প্রাঙ্ক কলের সংখ্যা। তথ্য অনুযায়ী ফোন করার পর কথা বলেনি এমন কলের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ১৯ হাজার ৫২৭টি, প্রাঙ্ক কলের সংখ্যা ২৭ লাখ ১১ হাজার ৬৭৫টি, মিস কলের সংখ্যা ৬১ লাখ ৯২ হাজার ২২৯টিÑ যা সব মিলিয়ে জরুরি সেবার কার্যক্রমে সময় নষ্ট এবং প্রকৃত জরুরি কল রিসিভের ক্ষেত্রে বড় চাপ তৈরি করছে।

এ ছাড়া জরুরি নয় এমন কল আসে, যার মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়, নানা ধরনের সমস্যা জানানো হয়। প্রাপ্ত তথ্য বলছে, এ ধরনের কলের সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ২৪৫টি। পিতামাতার শাসন, শিক্ষকের বকাঝকাসহ অনুশাসন, পরীক্ষার তথ্য জানতে চাওয়াসহ ছাত্রছাত্রীদের কাছ থেকে আসা কলের পরিমাণ ১৯ লাখ ৯৭ হাজার ৩০৮টি। পারিবারিকসহ দাম্পত্য সমস্যা জানিয়ে আইনগত সহায়তা চেয়ে নারীদের কাছ থেকে আসা কলের সংখ্যা ৬ লাখ ৩ হাজার ৮৯০টি। একই ঘটনায় পৃথক কল আসার পরিমাণ ১৫ লাখ ৪৩ হাজার ৫২৮টি। হাসিঠাট্টা আর তামাশা করে কল করার প্রবণতাও কম নয়। মাঝেমধ্যে এসব কলে কলার ইংরেজিতে কথা বলে নিজেকে জাহির করার চেষ্টায় সেন্টারের কর্মীদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেন। এ ধরনের কলের সংখ্যা ২৭ লক্ষাধিক। ফাঁকা কলের ক্ষেত্রে রিসিভ করার পর কলারের কোনো সাড়া মেলে না। তবে নিয়মানুযায়ী ৩০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপর সাড়া না পেলে কলটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 

বাংলাদেশ পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৯৯৯ নম্বরে মোট ৭ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ফোনকল আসে। এর মধ্যে ৪ কোটি ৬ লাখ ২৩ হাজার কলই ছিল অপ্রয়োজনীয় বা ভুয়াÑ যা মোট কলসংখ্যার প্রায় ৫৬ শতাংশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগে ৭০ থেকে ৮০ শতাংশই অপ্রয়োজনীয় কল আসত। বর্তমানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে তা কিছুটা কমে ৬০ শতাংশের কাছাকাছি এসেছে। কেউ বারবার বিরক্তিকর কল করলে নির্দিষ্ট সময়ের জন্য সেই নম্বর ব্লক করা হয়।’

যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৭০ ধারায় অযৌক্তিক ও বিরক্তিকর ফোনকলকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে বাস্তবে এ আইনের প্রয়োগ খুব একটা দেখা যায় না।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান এবং পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মহিউল ইসলাম বলেন, ‘অপ্রয়োজনীয় কলের কারণে বর্তমানে জরুরি কল রিসিভ করতে প্রায় ২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। বিশ্বের কোথাও জরুরি সেবায় এত দীর্ঘ ওয়েটিং টাইম দেখা যায় না।’ তিনি বলেন, ‘অনেক সময় কল করে অশালীন ভাষায় কথা বলা হচ্ছে। এটি কলটেকারদের ওপর মানসিক চাপ তৈরি করছে। তবে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে আমরা সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।

মহিউল ইসলাম সেন্টারে আসা কলের ধরন বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমাদের কাছে আসা প্রয়োজনীয় কল ৪৪ শতাংশের বেশি, আর অপ্রয়োজনীয় কল হলো ৫৫ শতাংশের বেশি। প্রয়োজনীয় কলের মধ্যে দুইটা ভাগ আছেÑ একটা হলো জরুরি কল, আরেকটা হলো অজরুরি কল। যে কলে লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন থাকে, জরুরি কল সেটা। এই কল কিন্তু মাত্র ১০ শতাংশ আসে। আর প্রয়োজনীয় কলের মধ্যে জরুরি নয়, এমন কল ৩৪ শতাংশ। এ কলের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য চাওয়া হয়।’ তিনি বলেন, ‘এটার জন্য আইসিটির ৩৩৩ আছে। আইসিটির ওখানে কিন্তু কেউ ফোন করে না। সব আমাদের কাছেই ফোন করে। এই যে অজরুরি কল আমরা কিন্তু সেগুলোও এন্টারটেইন করি। যদিও তা করার কথা না। মানুষ যদি শুধু বুঝত যে জরুরি বলতে কী বোঝায়, তাহলে কিন্তু আমরা আরও দ্রুত রেসপন্স করতে পারতাম।’ 

জনসচেতনতা বৃদ্ধি ও আইনি পদক্ষেপের বিষয়ে অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম বলেন, ‘আমার গত বছর ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন পত্রিকায় জরুরি সেবার বিষয়ে ক্যাম্পেইন করেছিলাম। তাতে কল আসা আরও বেড়ে গেছে। অপ্রয়োজনীয় কলও আরও বেড়েছে। টেলিযোগাযোগ আইনের ৭০ ধারায় বিরক্তিকর কল হলে কিন্তু এক লাখ টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। যদিও আমরা এতে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে আইনটি প্রয়োগ করতে হবে। আইনি পদক্ষেপ নিলে হয়তো এই চাপ কমবে।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বর্তমানে এই কল সেন্টারে শতাধিক প্রশিক্ষিত এজেন্ট জরুরি সেবা প্রদানে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চলমান সেবার পাশাপাশি আরও অন্যান্য জরুরি সেবা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

গণঅভ্যুত্থানের পর জরুরি সেবার চিত্র  

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশনির্ভর জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমে ধস নেমেছিল। এক সপ্তাহ ধরে এ অবস্থা চলার পর ১৩ আগস্ট সকালে এ সেবা পূর্ণমাত্রায় চালু হয়। সে সময় পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, কল নেওয়ার মতো পর্যাপ্ত কর্মী না থাকায় এবং পুলিশ স্টেশনগুলোতে পুলিশের অনুপস্থিতির কারণে জরুরি সেবা দেওয়া এতদিন বন্ধ ছিল। অধিকাংশ পুলিশ কর্মকর্তা ঢাকা শহরের বাইরে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন।’

সূত্রমতে ৯৯৯-এ স্বাভাবিক সময়ে দিনে গড়ে ২০ থেকে ২৫ হাজার কল আসে। প্রতি মিনিটে ১০০ থেকে ১৫০টির মতো কল নেওয়ার ব্যবস্থা রয়েছে। 

৯৯৯ সেবায় দেরি করা প্রশ্নে রুল  

জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম গ্লোবাল পজিশনিং সিস্টেমে (জিপিএস) যুক্ত না করা ও কার্যক্রম পরিচালনায় দেরির অভিযোগ এনে আইনজীবী সায়কা কবির জিতিসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ১৭ আগস্ট একটি রিট করেন। ২৫ আগস্ট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম পরিচালনায় দেরি, কল বারবার অন্যত্র পাঠানো নিয়ে করা প্রশ্নে রুল দেন। 

আদালতে রিটের পক্ষে আইনজীবী সায়কা কবির বলেন, জরুরি প্রয়োজনে ৯৯৯ কল করলেও ক্ষেত্রবিশেষে অবস্থান জানানোর পরও ৯৯৯ সেটিকে তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে গ্রাহকও ঘটনাস্থল সুস্পষ্টভাবে উল্লেখ করতে পারেন না। এ ক্ষেত্রে জিপিএস (অবস্থান নির্ণায়ক ব্যবস্থা) হলে জরুরি সেবাটি জনগণ জরুরি ভিত্তিতে পেতে পারেন। 

রিট আবেদনকারী পক্ষ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমে দেরি, কল বারবার অন্যত্র পাঠানো এবং এ ক্ষেত্রে কার্যকর জিপিএস পদ্ধতি যুক্ত করতে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এর জবাব দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা