বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৯ পিএম
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, “উভয়পক্ষই বিষয়টি নিয়ে কাজ করছে। দুই দেশের প্রধানমন্ত্রী ও তাদের টিমকে প্রয়োজনীয় সময় দিতে হবে। একসময় দুই দেশের নেতারা একসঙ্গে বসবেন এবং তখন বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।”
তিনি বলেন, “ঢাকা-দিল্লির সম্পর্কে সমস্যা ও চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সেগুলোর সমাধান সম্ভব।”
সচিবালয়ে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে সমস্যা ও চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক। কোনো চ্যালেঞ্জ থাকবে না, এমনটা ভাবা ঠিক হবে না। তবে দুই নেতা একসঙ্গে বসলে এমন কোনো প্রশ্ন নেই যার সমাধান সম্ভব নয়। সঠিক সময়ে সফর ও সংশ্লিষ্ট বিষয়গুলো প্রক্রিয়াধীন হবে।
তিনি বলেন, দুই দেশের সম্পর্কের বর্তমান পরিবেশ অত্যন্ত ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে বৈঠকের সুযোগ দিতে হবে। সার্বভৌম ও স্বাধীন দুই দেশের দুই নেতা কোনো এক সময়ে বৈঠক করবেনÑ এটি নিশ্চিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই ব্যাপক আগ্রহ ও উত্তেজনা রয়েছে। দুই দেশের সাধারণ মানুষ এ সফরকে ইতিবাচকভাবে দেখছে। এটি কোনো রাজনৈতিক বা সরকারি পর্যায়ের বিষয় নয়, সাধারণ মানুষের প্রত্যাশার কারণেই সফরটি নিয়ে এত আগ্রহ তৈরি হয়েছে। সেজন্য এত সংবাদ হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভারত সফর নভেম্বর মাসে হতে পারে কি নাÑ এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, তারিখ নিয়ে কোনো কথা হয়নি। এমনকি মাস নিয়েও কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সফর অবশ্যই হবে। তবে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। সফরের আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন। বাণিজ্য, পানি ও অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। দুই দেশের সম্পর্ক নিয়ে কতটা আশাবাদীÑ এমন প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, তিনি ‘১০০ অ্যান্ড ১০০ শতাংশ’ আশাবাদী। তার মতে, দুই দেশের মানুষের প্রত্যাশা হলো সম্পর্ক আরও ভালো করা এবং একটি নতুন অধ্যায় শুরু করা।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি নাÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী কিছু বলেননি। তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে, এর বাইরে কোনো আলোচনা হয়নি।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি নাÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর বা তার মুখপাত্রই জানাবেন। তিনি বলেন, ‘শুধুমাত্রই আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ ছিল আজকে।’
ভাস্কর্যের পরিবর্তে ফোয়ারাÑ সঠিক নয় : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান ঘিরে আগে যে পরিকল্পনা ছিল, সেটির পরিবর্তে ফোয়ারা নির্মাণ করা হচ্ছেÑ এমন খবরের বিষয়ে জানতে চাইলে আহমেদ আযম খান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ কীভাবে শেষ করা যায়, সেটি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের স্থান নিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
অন্তর্বর্তী সরকারের সময় সেখানে কী করা যায়Ñ তা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে ভাবছে। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাধীনতা স্তম্ভের নির্মাণ সম্পন্ন করার বিষয়ে কাজ করব।
মূল নকশা অপরিবর্তিত আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এখনও এ বিষয়ে কাজ করা হয়নি। স্বাধীনতা স্তম্ভ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় আছে। এটি সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয় সক্রিয়ভাবে চিন্তা করছে। এটি অপরিবর্তিত থাকবে, নাকি পরিবর্তন হবেÑ এমন মন্তব্যও এখন সঠিক নয়। ভবিষ্যতে বিষয়টি স্পষ্ট হবে।”