বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম লেখা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম লেখা হচ্ছে।
বুধবার দুপুরে হলের প্রধান ফটকে নাম পরিবর্তনের এই কার্যক্রম শুরু করেছে হল প্রশাসন।
হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই হল প্রশাসনের পক্ষ থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।
নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “গত সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আগের নাম বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই এই হলের নামও আগের মতোই রাখা হচ্ছে। সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে হলটির অফিসিয়াল নাম পুনর্বহালের কাজ চলছে।”
এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলের মূল ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখেছিল শিবির সমর্থিত হল সংসদ।
শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবিতে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন ডাকসু নেতারা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার সুপারিশ করা হয়েছিল।
তবে গত ২৯ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওই সময় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ডাকসুর পাঁচ সিনেট সদস্য অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পরে বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রস্তাবটি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।