৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৪ পিএম
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ও ভুক্তভোগী আলেয়া খাতুন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই ঘটনায় জড়িত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের জরুরি নির্দেশনার পর পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ ব্যবস্থা নেয়।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিদ্যুৎ বিল ইস্যু করা হয়।
ওই বিল অনুযায়ী, তিনি ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলেও বিলের পরিমাণ দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
অস্বাভাবিক এই বিলের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ঘটনাটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর নজরে আসে। তিনি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক অসাবধানতার কারণে মিটারের সিল নম্বরের অঙ্কগুলো ভুলবশত ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং করা হয়। এ ভুলের কারণেই গ্রাহকের নামে অস্বাভাবিক অঙ্কের বিল তৈরি হয়।
বিষয়টি জানার পর বিদ্যুৎমন্ত্রী ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
একই সঙ্গে অস্বাভাবিক বিলের কারণে গ্রাহকের সাময়িক মানসিক উদ্বেগ ও বিড়ম্বনার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন তিনি।
মন্ত্রী গ্রাহককে আশ্বস্ত করেন, বিলটি সংশোধন করে সঠিক বিল তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সেবাধর্মী প্রশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের দুর্ভোগ লাঘবে বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।