প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
বীর মুক্তিযোদ্ধা কমরেড মোসাদেক হোসেন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শ্রমিক-কৃষক সমাজবাদী দলের অন্যতম কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোসাদেক হোসেন স্বপন মঙ্গলবার গভীর রাতে (রাত ২টার দিকে) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সোমবার রাতে শ্বাসকষ্ট
নিয়ে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বপনের মৃত্যুতে গভীর শোক
প্রকাশ করেছেন শ্রমিক-কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক ইসমত ইনামুলহ হক।
এক বিবৃতিতে তিনি বলেন, কমরেড মোসাদেক হোসেন বৈষম্যহীন
সমাজের স্বপ্ন দেখতেন, আজীবন মেহনতি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন। তার মৃত্যুতে
বাম রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো।
বিবৃতিতে আরও বলা হয়, কমরেড মোসাদেক হোসেন ১৯৫০ সালে
নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। শ্রমিক-কৃষক সমাজবাদী দলের জন্মের এক বছরের মাথায় ছাত্র
সংগঠন সমাজবাদী ছাত্রজোট গঠনকালে ১৯৭০ সালে প্রথম কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। ১৯৭১
সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ঢাকা কলেজে এইচএসসি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়
থেকে বায়োকেমিস্ট্রিতে অনার্স-মাস্টার্স শেষ করেন স্বপন। ওই সময়ের মেধাবী ছাত্র হয়েও
সরকারি কোনো চাকরি যোগদান না করে মোসাদেক হোসেন নিজেকে রাজনীতিতে নিবেদন করেন। জীবনের
শেষদিন পর্যন্ত শ্রমিক-কৃষক মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। ব্যক্তিজীবনে
দুই সন্তানের জনক তিনি। তার বড় মেয়ে পেশায় চিকিৎসক, আর ছেলে পড়াশোনা শেষে করপোরেট প্রতিষ্ঠানে
কর্মরত।
আজ (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুরে প্রথম
জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীতে দাফন করা হয়েছে।