× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬ পিএম

সচিবালয়ে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

সচিবালয়ে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলে দেশটির দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট এবং টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইসলাম গুরে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

সংস্কৃতি, সৃজনশীলতা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

বৈঠকে দুই দেশের বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বর্তমানে টার্কিশ এয়ারলাইন্স ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। এ রুটে আরও তিনটি ফ্লাইট পরিচালনার বিষয়ে তুরস্কের আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক যাতায়াতের চাহিদা বিবেচনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

মন্ত্রী জানান, বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির আন্তর্জাতিক যাতায়াতের চাহিদা রয়েছে। এসব বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মানুষের যোগাযোগ আরও সহজ হবে।

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের এক হাজার ৪৯৮টি পর্যটন স্পট সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো, ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করছে সরকার।

বাংলাদেশের পর্যটন খাতে তুরস্কের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পর্যটন, হসপিটালিটি ও সংশ্লিষ্ট খাতে তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। দুই দেশের জনগণের যোগাযোগ, ব্যবসা ও পর্যটন বাড়াতে ভিসা সুবিধা সহজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী।

বৈঠকে উভয় পক্ষ বিমান চলাচল, পর্যটন, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারে আগ্রহ প্রকাশ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা