বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬ পিএম
ফাইল ছবি
স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ঝুঁকি এড়াতে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদে থাকার সর্বোচ্চ মেয়াদ দুইবার বা মোট ১০ বছর নির্ধারণের প্রস্তাবে সরকারের অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে। তবে বিরোধী দল আলোচনায় এলে জুলাই জাতীয় সনদের বিভিন্ন প্রস্তাব ও ভিন্নমত নিয়ে সমঝোতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়া, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার প্রস্তাব এসেছে। এসব মতামত পর্যালোচনা করে সংসদে উপস্থাপনের জন্য একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে বিশেষ কমিটি।”
গণমাধ্যমের সম্পাদক, বার্তা ব্যবস্থাপক, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকার প্রস্তাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আলোচনায় কেউ কেউ মত দিয়েছেনÑ একজন ব্যক্তির প্রধানমন্ত্রী থাকার মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক। কোনো ব্যক্তি ভালো কাজ করলে এবং জনগণ তাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে সেই অধিকার থাকা উচিত বলেও মত এসেছে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বর্তমান প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিলেন, কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকেন। প্রধানমন্ত্রী হওয়ার আগেই বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে প্রস্তাবটি দিয়েছিলেন। পরবর্তী সময়ে নির্বাচনী ইশতেহারেও তা উল্লেখ করা হয়েছে। স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া ঠেকাতেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা আমাদের সেই অবস্থান থেকে এখনও সরিনি। তবে সংসদে বিরোধী দল বা অন্য কারও পক্ষ থেকে কোনো প্রস্তাব এলে তা নিয়ে আলোচনা হতে পারে।”
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের মতো একক রাষ্ট্রব্যবস্থায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কতটা প্রয়োজন, তা পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ একটি একক রাষ্ট্র। এখানে অঙ্গরাজ্য ভিত্তিক কোনো কাঠামো নেই। এ বাস্তবতায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়ে কেউ কেউ মত দিয়েছেন। তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষ সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সরকার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এগোতে চায়।” তবে নতুন কোনো প্রস্তাব এলে তা সংসদে বিবেচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে মতপার্থক্য নিরসনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত ও স্বাক্ষরিত হয়েছে, সরকার সেটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তবে সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ থাকলে তা আলোচনার মাধ্যমে বিবেচনার সুযোগ রয়েছে।
বিশেষ কমিটিতে বিরোধী দলকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে কমিটির সভাপতি বলেন, “কমিটি সবার মতামতের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান সংশোধন করতে চায়। যেসব বিষয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলোও আলোচনার আওতায় আসতে পারে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, কোন প্রক্রিয়ায় সদস্য নির্বাচন করা হবে এবং কী ধরনের ধাপ অনুসরণ করা হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। জুলাই জাতীয় সনদে এ বিষয়ে কিছু প্রস্তাব রয়েছে। আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্টও রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিকল্প পদ্ধতিগুলো নিয়ে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উন্মুক্ত আলোচনার পর দেশের জন্য উপযুক্ত পদ্ধতি সংসদে বিবেচনা করা হবে।”
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানান কমিটির সভাপতি। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়েও মতামত এসেছে। এ ছাড়া সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন বিষয়ে পরিবর্তনের প্রস্তাব এসেছে। এসব মতামত লিখিতভাবে পাওয়ার পর কমিটির বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
সংবিধান সংশোধন প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক করতে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বিশেষ কমিটির। গণমাধ্যম প্রতিনিধিদের পাশাপাশি সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, বিচারক ও সাবেক বিচারক, শিক্ষাবিদ এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা হবে। গত ১৭ বছরে নির্যাতন ও নিপীড়নের শিকার ব্যক্তিদের পরিবার, জীবিত ভুক্তভোগী এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গেও আলোচনার পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন পর্যায়ের আলোচনা শেষে একটি প্রতিবেদন তৈরি করবে বিশেষ কমিটি। সেটি জাতীয় সংসদে উপস্থাপনের পর সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে। সংসদের ভেতরে ও বাইরে বিলটি নিয়ে আলোচনা ও মতামত দেওয়ার সুযোগ থাকবে।
বিশেষ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
সব দলের অংশগ্রহণের তাগিদ গণমাধ্যম প্রতিনিধিদের
‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বরা। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ এবং টকশো ব্যক্তিত্বরা অংশ নেন। বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আমন্ত্রিত গণমাধ্যম ব্যক্তিত্বরা।
সংবাদ সম্মেলনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, “জুলাইয়ের চেতনা ধারণ করে আমরা যেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি, সেই লক্ষ্যে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের অনুরোধ করেছি।” তিনি বলেন, “সংবিধান সংশোধনের ক্ষেত্রে অবশ্যই বিরোধী দলগুলোকে রাখার চেষ্টা করতে হবে। তাদের কনভিন্স করে আলোচনায় আনতে হবে।”
বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন কমিশন যেন সত্যিকার অর্থে স্বাধীন থাকে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি যেন মজবুত হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
সংবিধান সংশোধন যেন টেকসই ও দীর্ঘমেয়াদি হয়, সে বিষয়ে জোর দিয়ে টকশো ব্যক্তিত্ব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেন, “বিরোধী দলসহ সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল একসঙ্গে থেকে এই সংশোধন করলে তা কম বিতর্কিত হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উচ্চকক্ষের প্রয়োজন আছে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। এটি দেশের আর্থিক ব্যয় বাড়াবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া উচ্চকক্ষ হলে সেখানে সিভিল সোসাইটির (সুশীল সমাজ) নামে দলীয় লোকজন ঢুকে যাবে কি না। ফলে নন-পার্টিজান সিভিল সোসাইটি অস্তিত্ব হারাবে কি না, সেসব উদ্বেগও তুলে ধরা হয়েছে।”
বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক একেএম মঞ্জুরুল হক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে কমিটিকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেন। তিনি বলেন, “নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন নিয়ে পরে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই পদ্ধতি এবং গঠন প্রণালী নিয়ে আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি।”