× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ লাখে ইউরোপের স্বপ্ন, পাচারের পর নির্যাতন

পাচারচক্রের হোতা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইউরোপে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২০ থেকে ২৫ লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৪০ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে একটি আন্তর্জাতিক মানব পাচারচক্রের বিরুদ্ধে। ইউরোপে না পাঠিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন দেশে আটকে রেখে নির্যাতন করা হতো বলেও অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, চক্রটির মাধ্যমে দুই হাজারের বেশি বাংলাদেশি প্রতারণা ও মানব পাচারের শিকার হয়েছেন।

চক্রটির অন্যতম মূল হোতা মোহাম্মদ আরজুর রহমানকে (৪৭) রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির তথ্য অনুযায়ী, প্রায় ১২ বছর ধরে অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন আরজুর রহমান। ‘আরজু ইমিগ্রেশন লিমিটেড’ ও ‘নাফিস এয়ার ইমিগ্রেশন লিমিটেড’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তিনি বিদেশে লোক পাঠানোর কার্যক্রম চালাতেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তার একটি ব্যাংক হিসাবে গত এক বছরে ১ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৪৫০ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে এসআরবি।

চক্রটি মূলত দেশের বেকার তরুণ ও প্রত্যন্ত এলাকার নারীদের টার্গেট করত। সার্বিয়া ও বেলারুশ হয়ে ইতালিতে পাঠানোর কথা বলে দুই নারীসহ কয়েকজনের কাছ থেকে প্রায় ৮৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসআরবি জানায়, প্রথমে ভুক্তভোগীদের এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হতো। পরে নেপাল বা শ্রীলঙ্কা হয়ে মিসর কিংবা লিবিয়ায় নিয়ে ঝুঁকিপূর্ণ নৌপথে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখানো হতো। কেউ কেউ পালিয়ে দেশে ফিরলেও অনেকে বিদেশে আটকা পড়েন।

নারীদের পাচারের পর অনৈতিক কাজে বাধ্য করা এবং রাজি না হলে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জিম্মি করে রাখা, মারধর ও সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়ার মতো নির্যাতনের তথ্য পেয়েছে এসআরবি।

আরজুর গ্রেপ্তারের পর ৩০ থেকে ৩৫ জন ভুক্তভোগী এসআরবির সঙ্গে যোগাযোগ করেছেন। এনএসআইয়ের সঙ্গেও প্রায় ৩০০ ভুক্তভোগীর যোগাযোগ রয়েছে বলে জানানো হয়েছে। গ্রেপ্তার আরজুর রহমানকে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা