শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাড়ছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস-আদালত ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে।
এতদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার নিয়মিত কর্মদিবস ছিল। নির্বাহী আদেশে এই দিনটিকেও সরকারি ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার।
ফলে ছুটির হিসাব দাঁড়াচ্ছে- ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী, ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত নির্বাহী ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটির বিপরীতে পরবর্তী কোনো ছুটির দিনে কর্মদিবস সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
এদিকে পঞ্জিকা অনুযায়ী, ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
সরকারি ছুটির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮ ও ১৯ অক্টোবর ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে। ফলে তাদের জন্য ছুটির সুযোগ আরও বাড়তে পারে।
টানা পাঁচ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাড়ি যাওয়া, পূজামণ্ডপ পরিদর্শন কিংবা স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পাবেন।