ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের ঢাকার উত্তরা পশ্চিমের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ইকবাল হোসেন প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
আসামিরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব, ফারজানা ও হাসিব মিয়া।
তাদের মধ্যে ফারজানার এক দিন এবং অন্য ১৪ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সংবাদ পেয়ে ২৮ সেপ্টেম্বর বিকাল ৫টার পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে।
এ সময় অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২২ জন পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে একট কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ সংগঠন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে জানান।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।