প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৬ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ‘ভয়ঙ্কর আসামি’ উল্লেখ করে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “শেখ হাসিনা একজন ভয়ঙ্কর আসামি। উনি খুন করেননি, এটাকে ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি বলে। এটা আলাদা মাত্রার অপরাধ। এটার বিচার আর্ন্তজাতিক আদালতে করা যায়।”
শেখ হাসিনা ভারতে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এরকম একজন আসামি যিনি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তিনি ভারতে আছেন। আমরা তাকে চাইছি। উনি মাঝে মাঝে বলেন উনি নিজেই ফেরত আসবেন। আমরা তাকে চাইছি। ভারতকেই হস্তান্তর করতে হবে।”
জাহেদ উর রহমান বলেন, “যখন ভারতের হাই কমিশনারে সঙ্গে আমার সৌজন্য বৈঠক হয়েছে, তখন আমি এই কথাটা তাকে বলেছি। বাংলাদেশ এই অস্বস্তির কথাটা ভারতকে জানাচ্ছে। আমি আশা করি ভারত এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।”