বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ছবি: বিমানের ওয়েব সাইট
নিজেদের বহরে থাকা উড়োজাহাজগুলোর সক্ষমতার পুরোপুরি সদ্ব্যবহার করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, বিগত সময়ে বহরে যুক্ত হওয়া উড়োজাহাজগুলোর সক্ষমতার প্রায় ৪০ শতাংশই অব্যবহৃত থেকে যাচ্ছে। অথচ এই খণ্ডিত সক্ষমতা ব্যবহারের মধ্যেই মাত্র চার মাসের ব্যবধানে আরও ২৫টি নতুন বোয়িং কেনার চুক্তি করেছে বিমান। যেখানে বিদ্যমান উড়োজাহাজগুলোই পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না, সেখানে এত বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি কী করবে, তা নিয়ে এভিয়েশন মহলে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
নতুন এই বিশাল বিনিয়োগ কি বিমানের জন্য সম্ভাবনার নতুন কোনো দুয়ার খুলে দেবে নাকি পরিণত হবে কাঁড়ি কাঁড়ি টাকা গেলা এক ‘শ্বেতহস্তী’তে? তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই, বরং চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে।
বাংলাদেশের এভিয়েশন বাজার প্রতিনিয়তই বড় হচ্ছে, কিন্তু সেই বাজারের বিশাল অংশ বিদেশি এয়ারলাইনসগুলোর নিয়ন্ত্রণে। ২০২৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১ কোটি ২৭ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছে। এর মধ্যে আন্তর্জাতিক যাত্রীই ছিল প্রায় ১ কোটি ৩ লাখ। কিন্তু বাংলাদেশের এয়ারলাইনসগুলোর হাতে আন্তর্জাতিক বাজারের অংশ মাত্র এক-চতুর্থাংশের মতো; ৭৭ শতাংশের বেশি বাজারই নিয়ন্ত্রণ করছে বিদেশি এয়ারলাইনসগুলো।
এই বাস্তবতায় মাত্র ১৯টি উড়োজাহাজের বহর নিয়ে চলা বিমানের জন্য আগামী বছরগুলোতে আরও ২৫টি বোয়িং কেনার সিদ্ধান্ত শুধু বহর আধুনিকীকরণের বিষয় নয়, এটি বড় ধরনের বাণিজ্যিক ঝুঁকিরও প্রশ্ন। নতুন উড়োজাহাজ কেনার সঙ্গে শুধু ক্রয়মূল্যই নয়; বরং অর্থায়ন ব্যয়, সুদ, রক্ষণাবেক্ষণ, জ্বালানি, পাইলট ও প্রকৌশলী, প্রশিক্ষণ, বীমা, খুচরা যন্ত্রাংশ এবং বিমানবন্দর ব্যয়ও যুক্ত হবে। ১১টি নতুন বোয়িংয়ের চুক্তির মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার বলা হলেও এর অর্থায়ন ব্যবস্থা ও আর্থিক শর্তগুলো এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে গত ৩০ এপ্রিল ১৪টি বোয়িং কেনার চুক্তি করে বিমান, যার মূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। সর্বশেষ ১১টি যোগ হওয়ায় ২০২৬ সালে বিমানের বোয়িং অর্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ। নতুন ১১টির মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮। আগের ১৪টির সঙ্গে মিলিয়ে বিমানের অর্ডার তালিকায় রয়েছে ১৩টি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং ১০টি ৭৩৭-৮। বিমানের বহর সম্প্রসারণের এই পরিকল্পনা সংস্থাটির ইতিহাসে অন্যতম বড়। শুধু বোয়িংয়ের ২৫টির বাইরে আরও ১০টি এয়ারবাস কেনার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়ন হলে নতুন উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ৩৫-এ।
সক্ষমতার ৪০ শতাংশই অব্যবহৃত
বিমানের বহর বড় করার পক্ষে সরকারের যুক্তি হলো, প্রতিনিয়তই বিমানের যাত্রী বাড়ছে। নতুন আন্তর্জাতিক রুট খোলার প্রয়োজন আছে এবং ভবিষ্যতে বাংলাদেশের এভিয়েশন বাজার আরও সম্প্রসারিত হবে। তথ্য বলছে, ২০২৫ সালে শাহজালাল বিমানবন্দর দিয়ে যাত্রী চলাচল বেড়ে ১ কোটি ২৭ লাখে দাঁড়িয়েছে।
একই বছরে বাংলাদেশ থেকে ১১ লাখের বেশি কর্মী বিদেশে গেছে। আন্তর্জাতিক ভ্রমণের চাহিদার বড় অংশই তৈরি হচ্ছে প্রবাসী শ্রমবাজারকে কেন্দ্র করে। বাজার বাড়লেও বিমান সেই বাজারের কতটা ধরতে পারছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বহরে যুক্ত হওয়া উড়োজাহাজগুলোর সক্ষমতার প্রায় ৬০ শতাংশ ব্যবহার হচ্ছে আর ৪০ শতাংশ অব্যবহৃত থাকছে। সরকার সক্ষমতার পুরোটা ব্যবহারের পরিকল্পনার দিকে না এগিয়ে বহর সম্প্রসারণের দিকে দৃষ্টি দিচ্ছে। বিদ্যমান উড়োজাহাজগুলোর সক্ষমতার শতভাগ ব্যবহার করা গেলে বিমান আরও লাভজনক হতো।
বিমানের সংশ্লিষ্ট সূত্র বলছে, মেইনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ, ক্রু সংকট ও কৌশলগত পরিকল্পনার ঘাটতির কারণে সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজ পরিচালনা করা যাচ্ছে না। আর এ কারণেই প্রশ্ন উঠেছে, নতুন ২৫টি উড়োজাহাজ কোথায় উড়বে? বিমানের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন ২৫টি যুক্ত হলে কাগজে-কলমে সংখ্যা দাঁড়াবে ৪৪। তবে এর মধ্যে পুরনো উড়োজাহাজগুলোর কয়েকটি গ্রাউন্ডেড করা হবে কিংবা ফেরত দেওয়া হবে। সরকারের ২০৩৪-৩৫ সালের প্রেক্ষিত পরিকল্পনায় বলা হয়েছে, বিমানের বহরে কমপক্ষে ৪৭টি উড়োজাহাজ থাকবে।
বাজারের ৭৭ শতাংশ অন্যদের দখলে
বাংলাদেশের আকাশে বিমানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশীয় কোনো এয়ারলাইনস নয়, বিদেশি ক্যারিয়ারগুলো। বিভিন্ন শিল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক যাত্রীবাজারের ৭৭ শতাংশের বেশি বিদেশি এয়ারলাইনসগুলো নিয়ন্ত্রণ করছে। মাত্র ২৩ শতাংশ নিয়ন্ত্রণ করছে দেশীয় বিমান সংস্থা। বিমানকে নতুন উড়োজাহাজ উড়ানোর আগে এই বাজারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এখানেই বিমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকা এখনও আন্তর্জাতিক ট্রানজিট হাব হয়ে উঠতে পারেনি। ২০২৬ সালের এক হিসাবে বলা হয়েছে, ঢাকার মোট যাত্রী চলাচলের ৫ শতাংশেরও কম হলো ট্রানজিট যাত্রী। ফলে এমিরেটস, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইনসের মতো ক্যারিয়ারগুলো যেখানে নিজস্ব হাব ব্যবহার করে বিশ্বের এক প্রান্তের যাত্রীকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে, সেখানে বিমান এখনও মূলত পয়েন্ট-টু-পয়েন্ট ব্যবসার ওপর নির্ভরশীল।
টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান কেএম মজিবুল হক বলেন, বাংলাদেশের বিমান চলাচল বাজারের আকার প্রায় ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার হলেও এর মধ্যে দেশের অংশ মাত্র ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তার মতে, ঢাকাকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে দেশের বিমান খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক যাত্রীদের জন্য ট্রানজিট সুবিধা চালু করা গেলে বাংলাদেশ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগের কেন্দ্রে পরিণত হতে পারে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডর মো. নূর-ই-আলম জানান, ২০২৪ সালে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে ৬৬ হাজার ৬৭৫টি। ২০২৫ সালে এই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৯টিতে। তবে ফ্লাইট সংখ্যা কমলেও যাত্রীর সংখ্যা সামান্য বেড়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক যাত্রী চলাচলের সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ ৫ হাজার ৬৯০। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ২০ লাখ ২৬ হাজার ৫৭৫-এ। এতে বোঝা যায়, দেশের বিমান ভ্রমণের চাহিদা বাড়ছে। কিন্তু এই বাড়তে থাকা বাজারে বাংলাদেশের নিজস্ব বিমান সংস্থাগুলোর অংশগ্রহণ এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছতে পারেনি।
বড় উড়োজাহাজ, বড় খরচ
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলমের মতে, বাংলাদেশের লং রুট মাত্র চার-পাঁচটি দেশের সঙ্গে। অধিকাংশ রুটই স্বল্প বা মাঝারি দূরত্বের। অথচ বিমানের বহর পরিকল্পনায় বড় ওয়াইড-বডি উড়োজাহাজের সংখ্যা বাড়ছে। তার প্রশ্ন, এসব বড় উড়োজাহাজ কোন বাজারে নিয়মিত পর্যাপ্ত যাত্রী নিয়ে উড়বে? নতুন ২৫টি বোয়িংয়ের মধ্যে ১৫টিই ড্রিমলাইনার পরিবারের ৭৮৭ সিরিজের। বাকি ১০টি ৭৩৭-৮। ড্রিমলাইনারগুলো দূরপাল্লার জন্য উপযোগী হলেও বড় উড়োজাহাজকে লাভজনকভাবে ধরে রাখতে পর্যাপ্ত যাত্রী, আসনের সদ্ব্যবহার এবং উপযুক্ত রুট প্রয়োজন। নতুন উড়োজাহাজটি যদি পর্যাপ্ত সময় আকাশে না থাকে, তাহলে সেটি আয় করার বদলে স্থায়ী ব্যয়ের উৎস হয়ে উঠবে। সেক্ষেত্রে বিমানের আজকের লাভজনক অবস্থা না-ও থাকতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, বিমানের প্রয়োজন শুধু বড় উড়োজাহাজ নয়; দরকার বাজারভিত্তিক বহর। স্বল্প দূরত্বের আঞ্চলিক রুটের জন্য ছোট ও মাঝারি আকারের উড়োজাহাজ এবং দীর্ঘ রুটের জন্য বড় উড়োজাহাজÑ এই ভারসাম্য থাকা দরকার। সাম্প্রতিক কেনাকাটায় এই বিষয়টি উপেক্ষিত থেকেছে।
শাহজালাল কি বোয়িংয়ের পার্কিংয়ে পরিণত হবে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর যাত্রীচাপ ক্রমাগত বাড়ছে। ২০২৫ সালে বিমানবন্দরটি ১ কোটি ২৭ লাখের বেশি যাত্রী সামলেছে, যেখানে এর পুরনো টার্মিনাল অবকাঠামোর পরিকল্পিত সক্ষমতা ছিল প্রায় ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল চালু হলে সক্ষমতা বাড়বে। সরকার জানিয়েছে, তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং ডিসেম্বর এবং পূর্ণাঙ্গ কার্যক্রম ২০২৭ সালের মার্চ-এপ্রিল নাগাদ শুরু করার লক্ষ্য রয়েছে। বন্দরের সক্ষমতা বাড়লেই বিমানের ব্যবসা বাড়বেÑ সেটা মনে করেন না কাজী ওয়াহেদুল আলম। তিনি বলেন, বিমানবন্দরে লাখ লাখ যাত্রী থাকলেও তাদের বড় অংশ যদি বিদেশি ক্যারিয়ারে চলে যায়, তাহলে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সেই বাজারের সুবিধা পাবে না।
বোয়িং কেনার পেছনে বাণিজ্য না কূটনীতি
২৫টি বোয়িং কেনার সিদ্ধান্তের আরেকটি দিক নিয়েও আলোচনা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার সময় ২৫টি বোয়িং কেনার বিষয়টি সামনে এসেছিল। একই সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা, জ্বালানি, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ বাড়িয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর বলেছেন, চাহিদা অনুযায়ী নতুন উড়োজাহাজ কেনা হচ্ছে। গুরুত্বপূর্ণ গেটওয়ের ক্ষেত্রে আরও রুটে পরিষেবা দেওয়া দরকার। এজন্য আরও উড়োজাহাজের প্রয়োজন আছে। ইথিওপিয়ান এয়ারলাইনসের ১৫০টির বেশি উড়োজাহাজ আছে। বাংলাদেশের চাহিদা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ৭০ থেকে ৮০টির মতো হতে পারে। তবে সেই অনুযায়ী এখনও অর্ডার করা হয়নি। প্রয়োজন অনুযায়ী আরও উড়োজাহাজ কেনা হবে, এয়ারবাসও কেনা হবে।
বোয়িং বা এয়ারবাস কেনা নিয়ে কূটনৈতিক কোনো চাপ আছে কি নাÑ জানতে চাইলে হুমায়ূন কবীর বলেন, ‘কোনো চাপ নয়, এটি এভিয়েশনের চাহিদা অনুযায়ী করা হচ্ছে। বাংলাদেশের পর্যাপ্ত বহর নেই। বহরের সক্ষমতা বাড়ানো দরকার। তা না হলে নতুন রুট খোলা সম্ভব হচ্ছে না এবং অর্থ হারাতে হচ্ছে।’ তিনি বলেন, উড়োজাহাজ না কিনলে এবং গেটওয়ের নেটওয়ার্ক ও রুটগুলো না বাড়ালে ঢাকায় যাত্রীদের চাপ বাড়বে। দীর্ঘমেয়াদে এতে এভিয়েশন খাতের টার্নওভার বাড়বে। বিমানের পক্ষ থেকেও বলা হয়েছে, নতুন উড়োজাহাজ নির্দিষ্ট বহর-পরিকল্পনার প্রয়োজন বিবেচনায় কেনা হচ্ছে। ফলে রাজনৈতিক বা কূটনৈতিক বিবেচনা থাকুক বা না থাকুক, এখন মূল পরীক্ষা হবে বাণিজ্যিক সক্ষমতার। বিমানকে বাণিজ্যিকভাবে সক্ষম করে গড়ে তুলতে হবে।
৪২ বছরের প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আমাদের লক্ষ্য আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলার ইকোনমিতে রূপান্তর করা। দেশের এভিয়েশন খাতে গত ৪২ বছরে যেসব নিয়ম ও বিধিবিধান অংশীজনদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেগুলো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১৯৮৪ সালের বেসামরিক বিমান চলাচল বিধি সংশোধন করে নতুন বিধি তৈরি করা হচ্ছে। নতুন বিধিতে যাত্রীসেবার মান উন্নত করাকে যেমন প্রাধান্য দেওয়া হবে, তেমনি বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তাও নিশ্চিত করা হবে। নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বেসরকারি বিনিয়োগবান্ধব করেই তৈরি করা হচ্ছে। এ ছাড়া যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিধিমালায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।’