বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮ পিএম
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: জামায়াতের সৌজন্যে
সরকারের সাত মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং এ কারণে জনগণ ধীরে ধীরে সরকারের ওপর আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ উদ্বেগ প্রকাশ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আলোকে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জনগণের। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামগঞ্জে ‘সিন্ডিকেট’ করে নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, এর ফলে দেশে সন্ত্রাস বাড়ছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ নিয়েও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের ইতিহাস, অনুশীলন ও নজির উপেক্ষা করে ভেরিফিকেশনের নামে একটি শ্রেণিকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তার অভিযোগ, বেছে বেছে যুবদল ও ছাত্রদলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
উন্নয়ন কর্মকাণ্ডে নির্বাচিত সংসদ সদস্যদের ডিও লেটার খারিজ করে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ডিও লেটারের মাধ্যমে বরাদ্দ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তার দাবি, সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ইন্ধন ও মদদে দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা ও ভাঙচুর হচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, সকল অপরাধের পেছনে মদদ দিচ্ছেন সরকারদলীয় নেতাকর্মী ও মন্ত্রীরা। তার অভিযোগ, সরকারের ওপরের মহল থেকে সংকেত পাওয়ার কারণে সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে।
সরকার নিজেদের দলের লোকজনের অপরাধের কথা না বলে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সন্ত্রাসীদের অবিলম্বে নিবৃত্ত, গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন গোলাম পরওয়ার। দাবিগুলোর মধ্যে রয়েছেÑ হামলায় জড়িত সব দুর্বৃত্ত ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার ও দ্রুত বিচার; লুট হওয়া টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি উদ্ধার, যাতে কোনো শিশুর টিকাদানের ধারাবাহিকতা ব্যাহত না হয়; স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অবিলম্বে বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু; স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ এবং জমি দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা; ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, নুরুল ইসলাম বুলবুল এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইয়াছিন আরাফাত ও আতাউর রহমান সরকার।
আইডিইএর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক : সোমবার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে ইন্টারন্যাশনাল আইডিইএর একটি প্রতিনিধিদল। ওই দলে ছিলেন সংস্থাটির প্রিন্সিপাল অ্যাডভাইজার পিটার ওলফ ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আব্দুল আলীম। মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে গত নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিছু গণমাধ্যমের একপেশে ভূমিকা নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরে দলটি। ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে নিরপেক্ষ হয়, সে বিষয়ে উভয় পক্ষ কয়েকটি বিষয়ে একমত হয়েছে বলে জানানো হয়।