দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৯ পিএম
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনে সোমবার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না; মেধা, মনন ও মানসিকতার বিকাশের পাশাপাশি উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিও দায়িত্বশীল হতে হবে।
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনে সোমবার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আদর্শ বিদ্যানিকেতন নামটির মধ্যেই একটি সুন্দর বার্তা রয়েছে। ‘আদর্শ’ ও ‘বিদ্যানিকেতন’- এই নামের মর্যাদা রক্ষা করে শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
দুর্গাপুর ও কলমাকান্দা দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদ উল্লেখ করে কায়সার কামাল বলেন, এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে।
নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ বিবেচনায় বিদ্যালয়ের সামনের রাস্তাটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ডেপুটি স্পিকার।
একজন শিক্ষার্থীর জীবনে বিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল উচ্চশিক্ষার পথকে সহজ করে। তাই সময়ের সদ্ব্যবহার করে নিয়মিত পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, অভিভাবকরা নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষিত করার জন্য যে ত্যাগ স্বীকার করেন, শিক্ষার্থীদের তা উপলব্ধি করতে হবে।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো পরিবারের সদস্য বা স্বজন মাদকের সঙ্গে জড়িয়ে থাকলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উৎসাহিত করতে হবে।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রকৌশলীদের পরামর্শ নিয়ে বিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের সমস্যা কমাতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার চেষ্টা করা হবে।
সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি আইনুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।