পিংক বাস। ছবি: ফেসবুক থেকে
নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াত সহজ করতে চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।
বর্তমানে ১৩টি রুটে চলাচল করা এসব বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলো স্ট্রেইট লাইনে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগ দেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোর কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এ সময় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।