× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোট আবার হবে

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবিধানের আসন্ন সংশোধনীতে অনেক মৌলিক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এই পরিবর্তন চূড়ান্ত করতে আবারও গণভোটের প্রয়োজন হবে। জাতীয় সংসদে সংবিধান সংশোধনী বিল পাসের পর তা রাষ্ট্রপতির অনুমোদনের আগেই এই গণভোট অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এটি সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির তৃতীয় বৈঠক। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিশেষ কমিটি সংবিধান সম্পর্কিত সংশোধনীর বিষয়ে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে এবং জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদের শীতকালীন অধিবেশনে বিলটি পাস করার পরিকল্পনা রয়েছে। এর পরপরই অনুষ্ঠিত হবে এই গণভোট।

দেশের প্রধান গণমাধ্যমগুলোর সম্পাদক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রায় ৫০ জন এ বৈঠকে অংশ নেন বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘তারা কমিটির বৈঠকে তাদের মতামত জানিয়েছেন এবং এই মতামত ছাড়াও লিখিত আকারে তাদের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়েছেÑ যা বিশেষ কমিটির চূড়ান্ত প্রতিবেদনের সঙ্গে সম্পৃক্ত করা হবে।’

বৈঠকে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, এডিটর্স কাউন্সিলের সভাপতি নূরুল কবির, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান-উল আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামসহ আমন্ত্রিত গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সংবিধানের যেসব মৌলিক বিষয়ে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে সেসবের মধ্যে রয়েছেÑ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা এবং নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়, নির্বাচনের সময় একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে পুনঃপ্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টি, বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করা, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার পুনর্বিন্যাস ও গণভোটের বিধান পুনরুজ্জীবিত করা। 

বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, আলোচনার সময় বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়েও সাংবাদিকদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এটি সহজে বাতিল করা না যায়, সেজন্য সংবিধানে বিষয়টি কঠোরভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে সরকারি নিয়োগের ক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করে নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়েও।

বৈঠকে সাম্প্রতিক গণভোটের বাস্তবায়ন নিয়ে আলোচনাকালে ওই গণভোটকে মূলত প্রক্রিয়াগত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। গণভোটের অধ্যাদেশ পাস না হলেও এর মূল চেতনা ও সংবিধান সংস্কারের বিষয়গুলো বাস্তবায়নের কথা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু ‘নোট অব ডিসেন্ট’-এর বাইরে রাখার কথা বলা হয়েছে।

এর আগে বৈঠকের শুরুতে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ প্রারম্ভিক বক্তব্য দেন। তিনি সংবিধান সংশোধনের বিষয়ে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান। বিশেষ কমিটির বৈঠকে বিরোধী দলের ৫ সদস্য মনোনয়ন না দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। কমিটির সভাপতি বিরোধী দলকে কমিটিতে যুক্ত করার চেষ্টা অব্যাহত রাখার কথা জানান। এ সময় তিনি বৈঠকে আলোচনার বাইরে কোনো প্রস্তাব থাকলে তা লিখিত ভাবে জমা দেওয়ার অনুরোধ জানান। পরবর্তী বৈঠকগুলোতেও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাংবাদিকরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় সংবিধানে ফিরিয়ে আনার প্রস্তাব করেছেন। ভবিষ্যতে যাতে এটি আর কেউ বাতিল করার সুযোগ না পায়, সেজন্য সংবিধানে বিষয়টি অত্যন্ত কঠোরভাবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া সরকারি নিয়োগের ক্ষেত্রে সব ধরনের বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।’

তিনি বলেন, ‘অতীতে প্রধানমন্ত্রীকে যে একচ্ছত্র ও বিশাল ক্ষমতা দেওয়া হয়েছিল, তা রাষ্ট্র বা জাতির জন্য কল্যাণকর হয়নি। তাই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য আনার প্রস্তাব করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই আমাদের মধ্যে ঐক্য থাকুক, কোনো বিভক্তি না থাকুক। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা সেভাবেই সম্পূর্ণরূপে বাস্তবায়ন করব। এর বাইরে কিছু বিষয় রয়েছে, যেগুলো ঐকমত্য কমিশনের আলোচনায় আসেনি বা পরিহার করা হয়েছে। সেগুলোও ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারে আরও অনেক প্রস্তাব রয়েছে। সেগুলো বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে আমরা তা বিবেচনায় নেব। একই সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের মতামত ও জনমতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। যেসব বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, সেগুলো সংবিধানে নেওয়া হবে। আর যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আইন করেই বাস্তবায়ন করা হবে।’

কমিটির সভাপতি জানান, ‘সংবিধান সংশোধনের বিষয়টি যেন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়, সে বিষয়ে সবাই জোর দিয়েছেন। বিরোধী দলকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কমিটিতে যুক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তারা কমিটিতে না এলেও সংসদে যখন প্রস্তাবটি যাবে, তখন তারা সহযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে।’

প্রায় দুই ঘণ্টার এই বৈঠক শেষে সাংবাদিকদের দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি জানান, ‘সংবিধানে কিছু মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বিধান রয়েছে। ভবিষ্যতে সংবিধানে কোনো মৌলিক পরিবর্তন আনা হলে গণভোটের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে বলে কমিটি জানিয়েছে। সংবিধান সংশোধনের বিষয়টি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার প্রস্তাবও আলোচনায় এসেছে। অতীতে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার যে অভিজ্ঞতা হয়েছে, তা বিবেচনায় নিয়ে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার কথা বলা হয়েছে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা