প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৩ পিএম
রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।
জানা গেছে, বর্তমানে শিশু রামিসা মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রামিসার বাবা অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে অ্যাটর্নি জেনারেল রামিসার বাবাকে ‘বর্তমান সরকার তাদের সঙ্গে আছে’ এবং ‘ন্যায়বিচার নিশ্চিতকরণে অ্যাটর্নি জেনারেল অফিস কার্যকর ভূমিকা রাখবে’ বলে আশ্বস্ত করেন। রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ।
এর আগে গত ১৯ মে ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তার। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পরবর্তীতে ৭ জুন দ্রুত বিচার প্রক্রিয়ায় ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।