প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৪ পিএম
নিউ ইয়র্কের ফরেন প্রেস সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিথানী মরিসন। ছবি: বিডিনিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। একইভাবে শেখ হাসিনার বিচার নিয়েও ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে দক্ষিণ এশিয়া নিয়ে আয়োজিত এক অন-ব্যাকগ্রাউন্ড ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন।
শেখ হাসিনার বিচার ও দেশে ফেরার প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট অবস্থান নেয়নি। বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিরোধের কারণ হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র আশা করে, বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছাবে।
তিনি বলেন, শেখ হাসানিকে নিয়ে কী করা উচিত, সে বিষয়ে ওয়াশিংটনের নির্দিষ্ট কোনো অবস্থান নেই। বরং যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও উন্নত সম্পর্ক দেখতে চায় এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে উৎসাহ দিয়ে আসছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নিতে চায় না উল্লেখ করে মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করছে। বাংলাদেশকে আরও শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এ প্রসঙ্গে তিনি বলেন, ওয়াশিংটন বাংলাদেশকে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করতে চায় না। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও টেলিযোগাযোগের মতো স্পর্শকাতর খাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিজস্ব ব্যবস্থাপনা সুরক্ষায় সহায়তা করতে এবং বিকল্প ব্যবস্থা দিতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র কোনো একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের মধ্যে বেছে নেওয়ার চাপ না দিয়ে বরং স্পর্শকাতর খাতে বিকল্প সুযোগ তৈরি করতে চায়।
ইতিবাচক গতিপথে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক গতিপথে রয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা। বাণিজ্যিক সহযোগিতা, বিমান খাত এবং বেসামরিক পরমাণু সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি মরিসন ওই ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রেও আমরা একটি ভালো অবস্থানে রয়েছি।’ তিনি জানান, চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের গুরুত্বপূর্ণ দিক।
বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যিক সহযোগিতার প্রসঙ্গে মরিসন বোয়িং-সংক্রান্ত একটি বড় বাণিজ্যিক চুক্তির কথা উল্লেখ করেন। একই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার সকালে তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছেন বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি চলছে। মরিসন জানান, শুক্রবার মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে এ এমওইউ স্বাক্ষরের কথা রয়েছে। তাঁর মতে, এ উদ্যোগ শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তির ব্যবহার ও সংশ্লিষ্ট সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন কাঠামোর সুযোগ তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক নীতির প্রসঙ্গে মরিসন বলেন, ট্রাম্প প্রশাসন এ অঞ্চলকে আগের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।