লোগো: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের অন্যতম প্রধান এয়ারলাইন ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিকভাবে স্বীকৃত এভিয়েশন রেটিং প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের ‘ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস’-এ ধারাবাহিক সাফল্য অর্জন করেছে।
২০২৪, ২০২৫ ও ২০২৬—টানা তিন বছর ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/দক্ষিণ এশিয়া)’ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৪ ও ২০২৫ সালে প্রতিষ্ঠানটি এ আঞ্চলিক তালিকায় পঞ্চম অবস্থানে ছিল। সর্বশেষ ২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে ইউএস-বাংলা এয়ারলাইন্স এক ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে।
২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিন বছরের ব্যবধানে স্কাইট্র্যাক্সের আঞ্চলিক র্যাংকিংয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অবস্থান পঞ্চম থেকে চতুর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতা ও যাত্রীস্বীকৃতির ধারাবাহিকতার এটি একটি গুরুত্বপূর্ণ সূচক।
স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস যাত্রীদের ভোটের ভিত্তিতে পরিচালিত একটি আন্তর্জাতিক এয়ারলাইন যাত্রী-সন্তুষ্টি জরিপ। স্কাইট্র্যাক্সের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন শ্রেণিতে এয়ারলাইনগুলোর ফলাফল নির্ধারণ করা হয়।
স্কাইট্র্যাক্সের তথ্যমতে, ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের জন্য আঞ্চলিক এয়ারলাইন বলতে মূলত এমন ফুল সার্ভিস ক্যারিয়ারকে বোঝানো হয়, যারা প্রধানত প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত স্বল্প ও মাঝারি দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।
বাংলাদেশের একটি বেসরকারি এয়ারলাইন হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের টানা তিন বছরের স্কাইট্র্যাক্স স্বীকৃতি দেশের এভিয়েশন খাতের আন্তর্জাতিক সক্ষমতার একটি উল্লেখযোগ্য প্রতিফলন বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
দেশের আকাশপথকে আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা, আধুনিক উড়োজাহাজের বহর সম্প্রসারণ, যাত্রীসেবার মানোন্নয়ন, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিসরে আরও দৃশ্যমান করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
স্কাইট্র্যাক্সের আন্তর্জাতিক স্বীকৃতির এ ধারাবাহিকতা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্মের উড়োজাহাজ, নতুন আন্তর্জাতিক গন্তব্য, ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি এবং যাত্রীসেবায় প্রযুক্তিনির্ভরতার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্য অব্যাহত রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।