ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েইরার সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ফ্রেমওয়ার্কের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েইরার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার বিকালে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক এবং এর গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের পাশাপাশি দুই দেশের জনগণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।