× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ কর্মকর্তার পরিণতি ভালো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৩ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

কোনো পুলিশ কর্মকর্তা, তিনি যে পদমর্যাদারই হোন না কেন, জনগণের প্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “কোনো পুলিশ অফিসার যে পদবিরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন, তাহলে তার পরিণতি ভালো হবে না”।

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শনিবার পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য ৯৮ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণ এখন পুলিশকে রাজা-বাদশা হিসেবে দেখতে চায় না; তারা জনবান্ধব পুলিশ চায়”।

সিনিয়র কর্মকর্তাদের এমন কোনো কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করে তিনি বলেন, “যা জনগণের চোখে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়, সেটা করা যাবে না”।

অধীনস্থদেরও এ ধরনের কর্মকাণ্ডের অনুমতি বা প্রশ্রয় না দেওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, “সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষার জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব”।

পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদী শক্তিকে গোপনে সংবাদ দিয়ে সাহায্য করছে জানিয়ে তিনি বলেন, “মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা করা কিংবা কোনোভাবে ফ্যাসিবাদী শক্তিকে গোপনে তথ্য বা অন্য কোনো উপায়ে সহযোগিতা করার বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে। তবে সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি কেউ ইনডিসিপ্লিন করে থাকে। আশা করি, মেসেজটা পেয়েছেন”।

তিনি বলেন, “দায়িত্ব পালন করতে গিয়ে সৎ উদ্দেশ্যে ছোটখাটো ভুল হলে তা বিবেচনার সঙ্গে দেখা হবে। তবে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হলে বিভাগীয় ব্যবস্থার সঙ্গে সঙ্গে ফৌজদারি আইন অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।

“শুধু বিভাগীয় শৃঙ্খলা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকব না। যদি কোনো ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়ে থাকে, তার জন্যও একই সঙ্গে বিচার নিশ্চিত করা হবে,” বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে ভূমিকা রাখতে হবে”।

পুলিশের সক্ষমতা বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, “প্রয়োজনে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে পুলিশের জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে”।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে পুলিশের জন্য পৃথক একটি সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা