× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীরাও পাবেন যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীরাও পাবেন যেভাবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা সাত দিনের ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা।

১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ক্লাসের বাইরে থাকবে।

তবে সরকারি চাকরিজীবীদের ছুটির হিসাব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নয়। দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি দুই দিন। এর সঙ্গে ঐচ্ছিক ছুটি ও এক দিনের ছুটি সমন্বয় করলে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

১৮ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর রবিবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন ছুটি থাকবে। ২১ অক্টোবর বিজয়া দশমী হলেও পূজার ছুটি নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত।

এর পর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে পূজার পাঁচ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক দুই দিন যোগ হয়ে শিক্ষার্থীদের টানা সাত দিনের ছুটি তৈরি হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকাতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি রাখা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরাও একই সময়ে টানা সাত দিনের ছুটি পাবে।

সরকারি অফিসে ছুটি দুই দিন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। 

এর মধ্যে মহানবমীর ছুটি নির্বাহী আদেশে এবং বিজয়া দশমীর ছুটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত।

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে।

তারা এ দুই দিনের ঐচ্ছিক ছুটি নিলে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ছুটি টানা চার দিনে গড়াবে।

এর সঙ্গে ২২ অক্টোবর এক দিনের ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এতে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বী নন- এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি পাবেন না।

তবে ২২ অক্টোবর এক দিনের ছুটি নিলে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের বিরতি পাওয়া সম্ভব।

ব্যাংকে ছুটি দুই দিন

বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবারও সাপ্তাহিক ছুটির দিন।

তবে শাখা বন্ধ থাকলেও এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংসহ প্রযুক্তিনির্ভর সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।

প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট শাখা বা বিশেষ ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দিতে পারে।

হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জরুরি সেবার ক্ষেত্রে ছুটির নিয়ম ভিন্ন। এসব সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী কর্মীদের দায়িত্বে থাকতে হবে।

আর বেসরকারি প্রতিষ্ঠান ও করপোরেট অফিসের ছুটি তাদের নিজস্ব ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা