× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর ব্যস্তময় কূটনীতি

জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের নতুন অর্থনৈতিক বার্তা

ফসিহ উদ্দীন মাহতাব, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ এএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ এএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে করমর্দনরত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে করমর্দনরত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে এসে কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার দিনের সফরের শেষ দিনে শুক্রবার তিনি বৈঠক করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে।

এর আগে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

একই দিনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।

চার দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।

এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়। 

নিউইয়র্কে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন।

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রীর এবারের সফরের কর্মসূচিতে দুটি দিক স্পষ্ট- একদিকে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা, অন্যদিকে অর্থনীতির জন্য নতুন বিনিয়োগ, বাজার ও কর্মসংস্থানের সুযোগ খোঁজা।

উপসাগরীয় তিন দেশের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি

মধ্যপ্রাচ্যের তিন গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে শুক্রবার প্রধানমন্ত্রীর বৈঠক হয়।

কুয়েত, সৌদি আরব ও ইউএইর সঙ্গে আলোচনায় জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে নিউইয়র্কে দেশটির জাতিসংঘ মিশনে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সেখানে বাংলাদেশ থেকে কুয়েতে জনশক্তি রপ্তানি বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের নারী নেতৃবৃন্দের প্ল্যাটফর্মের বার্ষিক সভায় বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকেও বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে।

প্রধানমন্ত্রী সৌদি আরবের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা বলেন।

ইউএইর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকেও অর্থনৈতিক সম্পর্ক গুরুত্ব পায়।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব, জনশক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

ওয়াল স্ট্রিটে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা

মধ্যপ্রাচ্যের তিন দেশের সঙ্গে বৈঠকের পাশাপাশি শুক্রবার প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছিল যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক।

ম্যানহাটনে জেপিমরগ্যান চেজের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত দেশ হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি মিডিয়া সেল

বৃহত্তর আঞ্চলিক বাজারে প্রবেশের জন্য বাংলাদেশকে একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যও তুলে ধরেন।

বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে নীতির পূর্বানুমানযোগ্যতা, বিনিয়োগ সুরক্ষা, পুঁজি স্থানান্তর ও মুনাফা প্রত্যাবাসনের বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি মিডিয়া সেল

জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা- এ কথাও জানান তিনি।

মানবাধিকার ও বহুপক্ষীয় সহযোগিতায় গুরুত্ব

অর্থনৈতিক কূটনীতির পাশাপাশি মানবাধিকার ও বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, বৈঠকে মানবাধিকার, আইনের শাসন ও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ও উঠে আসে।

আন্তর্জাতিক শান্তি ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক শান্তি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জেইদ রা’দ আল হুসাইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপক্ষীয় সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের বৈঠক। ছবি: বিএনপি মিডিয়া সেল

রোহিঙ্গা, জলবায়ু ও বৈশ্বিক ইস্যু

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে অর্থনৈতিক কূটনীতির পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, স্বাস্থ্য ও আন্তর্জাতিক শান্তির মতো বৈশ্বিক ইস্যুও গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ছবি: বিএনপি মিডিয়া সেল

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য- ‘আস্থা পুনর্গঠন ও পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। এবারের অধিবেশনে বিশ্বব্যবস্থায় আস্থা পুনর্গঠন ও পরিবর্তন মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে এসব বৈশ্বিক ইস্যুর সঙ্গে অর্থনীতি ও উন্নয়নও সরাসরি সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন, রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহায়তা, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য- সবই বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।

কূটনীতির কেন্দ্রে অর্থনীতি

চার দিনের নিউইয়র্ক সফরের কর্মসূচিগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র ও অর্থনৈতিক কূটনীতির কয়েকটি অগ্রাধিকার স্পষ্ট হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি; ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক সংস্কার; আর জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মানবাধিকার, শান্তি ও বহুপক্ষীয় সহযোগিতা গুরুত্ব পেয়েছে।

অর্থাৎ, এবারের সফরে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের সঙ্গে অর্থনৈতিক স্বার্থকে একই কাঠামোয় রাখার চেষ্টা ছিল।

একদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঐতিহ্যগত শ্রমবাজার ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আলোচনা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আর্থিক কেন্দ্র ওয়াল স্ট্রিটে নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ- দুই ধারাই পাশাপাশি এগিয়েছে।

এখন এসব আলোচনাকে বাস্তব সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য ও জনশক্তির সুযোগে রূপ দেওয়ার বিষয়টি সামনে আসবে

নিউইয়র্ক সফরের বৈঠকগুলোতে দেওয়া বার্তায় অন্তত এটুকু স্পষ্ট যে, বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের পরিসরে অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোকে আরও গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা