× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইডলাইনে উচ্চপর্যায়ের সভায় তারেক রহমান

প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি হবে মিডওয়াইফারি

ফসিহ উদ্দীন মাহতাব, নিউইয়র্ক থেকে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২২ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে উচ্চপর্যায়ের এক সভার আয়োজন করে বাংলাদেশ। সুইডেন ও ইউএনএফপিএ-এর অংশীদারত্বে আয়োজিত এ সভার প্রতিপাদ্য ছিলÑ ‘প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ: প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তি’।

বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারিকে আরও শক্তভাবে যুক্ত করার ওপর জোর দেন।

তিনি বলেন, “রাজনৈতিক অঙ্গীকার তখনই অর্থবহ হয়, যখন তা বিনিয়োগ, কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ জনশক্তি এবং মানুষের উন্নত জীবনে রূপ নেয়। সেই লক্ষ্যেই তার সরকার স্বাস্থ্যব্যবস্থার রূপান্তরে ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ নীতিকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের পরিকল্পনায় এর একটি বড় অংশজুড়ে রয়েছে মিডওয়াইফারি। লক্ষ্য শুধু প্রসবের সময় সেবা দেওয়া নয়; গর্ভধারণের আগের সময় থেকে শুরু করে গর্ভকাল, প্রসব এবং প্রসব-পরবর্তী সময় পর্যন্ত নারীর পাশে থাকা”।

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের লক্ষ্য

অনুষ্ঠানে সারা দেশে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। এ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে দেশে ১১ হাজারের বেশি লাইসেন্সপ্রাপ্ত মিডওয়াইফ রয়েছেন। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ২৫ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এসব মিডওয়াইফকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলা হবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামোর সঙ্গে তাদের আরও কার্যকরভাবে যুক্ত করা হবে”। 

প্রধানমন্ত্রী আরও বলেন, “মিডওয়াইফরা গর্ভকালীন সেবা দেবেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রসবে সহায়তা করবেন, জটিলতা দ্রুত শনাক্ত করবেন এবং প্রয়োজন হলে রোগীকে উচ্চতর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করবেন। প্রসব-পরবর্তী সময়ে মা ও নবজাতকের পরিচর্যা, শিশুকে বুকের দুধ খাওয়ানো, টিকাদান এবং শিশুর সুস্থ বিকাশেও তারা ভূমিকা রাখবেন। অর্থাৎ সরকারের পরিকল্পনায় মিডওয়াইফারি শুধু প্রসবসেবার একটি অংশ হিসেবে নয়, বরং প্রাথমিক স্বাস্থ্যসেবার বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে জায়গা করে নিচ্ছে”।

২২ জেলায় মিডওয়াইফ-নেতৃত্বাধীন সেবা

বাংলাদেশে মিডওয়াইফারি সেবা সম্প্রসারণে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

ইউএনএফপিএর সহযোগিতায় দেশের ২২টি জেলায় মিডওয়াইফ-নেতৃত্বাধীন সেবা সম্প্রসারণ করা হয়েছে। সরকারি হিসাবে, এসব এলাকায় দক্ষ মিডওয়াইফরা ১ লাখ ৫৪ হাজারের বেশি প্রসবে সহায়তা করেছেন। মাতৃস্বাস্থ্যজনিত বিভিন্ন জটিলতা মোকাবিলাতেও তারা কাজ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, “এসব সংখ্যা শুধু পরিসংখ্যান নয়। এর সঙ্গে জড়িয়ে আছে নিরাপদে বাড়ি ফিরে যাওয়া মায়েদের গল্প এবং নতুন জীবনের পথে যাত্রা শুরু করা নবজাতকদের ভবিষ্যৎ। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবায় সময়মতো সেবা পাওয়ার গুরুত্ব এখানেই। গর্ভাবস্থায় ঝুঁকি শনাক্ত করা, প্রসবের সময় জটিলতা বুঝতে পারা এবং প্রয়োজন হলে দ্রুত উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোÑ এই পুরো প্রক্রিয়ায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা গুরুত্বপূর্ণ”।

স্বাস্থ্যসেবায় আসছে ডিজিটাল সংযোগ

মাতৃস্বাস্থ্যের পাশাপাশি দেশের ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, “প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর লক্ষ্য রয়েছে সরকারের। এই কার্ড ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড ও ইলেকট্রনিক রেফারেল ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে একজন গ্রামীণ নারীর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য শুধু স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে সীমাবদ্ধ থাকবে না। তার চিকিৎসা ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকবে। স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোও নথিভুক্ত করা যাবে। কোনো পর্যায়ে তাকে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর প্রয়োজন হলে প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্যও সঙ্গে যাওয়ার সুযোগ থাকবে। এতে রোগীর আগের চিকিৎসা, ঝুঁকি ও গর্ভকালীন জটিলতার তথ্য দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হবে”।

পুরনো ভিত্তির ওপর নতুন লক্ষ্য

বাংলাদেশে পেশাদার মিডওয়াইফারি শিক্ষা ও সেবা চালু হয়েছে কয়েক বছর আগেই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই খাতের বিকাশে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন। পরবর্তী সময়ে দেশে পেশাদার মিডওয়াইফারি শিক্ষা চালু, নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে মিডওয়াইফ নিয়োগের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে ১১ হাজারের বেশি লাইসেন্সপ্রাপ্ত মিডওয়াইফ থাকার তথ্য সেই ধারাবাহিকতারই একটি চিত্র। এখন লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ২৫ হাজারে উন্নীত করা। সুইডেন ও ইউএনএফপিএর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্বও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা