× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তার বুকে পলি, পাড়ে ভাঙন

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ এএম

চার দশকের মধ্যে তিস্তায় বড় ধরনের কোনো খননকাজ না হওয়ায় বালু-পলিতে ভরাট হয়েছে তলদেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চার দশকের মধ্যে তিস্তায় বড় ধরনের কোনো খননকাজ না হওয়ায় বালু-পলিতে ভরাট হয়েছে তলদেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চার দশক ধরে তিস্তায় বড় ধরনের খনন নেই। বালু ও পলি জমে ভরাট হয়েছে নদীর তলদেশ। এতে একদিকে যেমন নাব্যসংকট দেখা দিয়েছে, অন্যদিকে কমেছে নদীর পানি ধারণক্ষমতা। ফলে উজান থেকে পানি নামলেই অল্প সময়ের মধ্যে ফুলে-ফেঁপে ওঠে তিস্তা। তীর ঘেঁষে তৈরি হয় প্রবল ঘূর্ণিস্রোত। আর সেই স্রোতের আঘাতেই একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে দীর্ঘদিন ধরে জিও ব্যাগ ফেলে চলছে অস্থায়ী প্রতিরোধের চেষ্টা। কিন্তু প্রবল স্রোতের কাছে অনেক স্থানেই টিকছে না এই ব্যবস্থা।

স্থায়ী সমাধানের উদ্যোগও বারবার থমকে গেছে। ২০১৯ সালে নদী খনন, বাঁধ সংস্কার ও তীর প্রতিরক্ষার জন্য প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পরে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু হওয়ায় সেই প্রকল্পও আর এগোয়নি। এরপর দফায় দফায় জরিপ, আলোচনা ও আশ্বাস মিলেছে; হয়েছে নানা পরিকল্পনার কথা। কিন্তু বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এখনও শুরু হয়নি।

চার দশকে বড় খনন নেই

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত চার দশকে তিস্তায় উল্লেখযোগ্য কোনো খনন প্রকল্প নেওয়া হয়নি। আশির দশকে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ নির্মাণের সময় আশপাশের এলাকায় সীমিত পরিসরে খনন হয়েছিল। এরপর কুড়িগ্রাম অংশসহ তিস্তায় বড় ধরনের খনন কার্যক্রম হয়নি।

দীর্ঘদিন খনন না হওয়ায় নদীর তলদেশে জমেছে বালু ও পলি। এতে তিস্তায় নাব্যসংকট তৈরি হয়েছে। বর্ষায় উজান থেকে পানি নামলে নদীর পানি ধারণক্ষমতার ওপর দ্রুত চাপ পড়ে। অল্প সময়েই পানি তীরের কাছাকাছি চলে আসে। আবার পানি কমে গেলে বিভিন্ন স্থানে চর ও ডুবোচর জেগে ওঠে। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহও ব্যাহত হচ্ছে।

মহাপরিকল্পনায় আটকা ২,৬০০ কোটি টাকার প্রকল্প

২০১৯ সালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিস্তাকে ঘিরে একটি প্রকল্পের প্রস্তাব তৈরি করা হয়েছিল। এতে কুড়িগ্রাম অংশের প্রায় ৪০ কিলোমিটার নদী খনন, বাঁধ সংস্কার এবং সিসি ব্লক দিয়ে তীর প্রতিরক্ষার কাজ অন্তর্ভুক্ত ছিল। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা। তবে একই সময়ে চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শুরু হলে প্রকল্পটির কার্যক্রম থেমে যায়। এরপর মহাপরিকল্পনা নিয়ে একের পর এক জরিপ, আলোচনা ও আশ্বাস এলেও এখনও মাঠপর্যায়ে এর বাস্তবায়ন শুরু হয়নি।

৪০ কিলোমিটার তিস্তা, ঝুঁকিতে ২০ কিলোমিটার

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজ এলাকা থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বজরা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটারজুড়ে তিস্তা বয়ে গেছে। এর মধ্যে কুড়িগ্রাম অংশের প্রায় ২০ কিলোমিটার এলাকায় ভাঙনের ঝুঁকি রয়েছে।

তিস্তায় পানির হ্রাস-বৃদ্ধি অনেকটাই নির্ভর করে উজানে ভারতের গজলডোবা ব্যারাজ থেকে পানি ছাড়ার ওপর। উজানে ভারী বৃষ্টি হলে সেখানে পানি ছাড়া হয়। এরপর নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজের গেট খুলে দেওয়া হলে হঠাৎ বেড়ে যায় নদীর পানির চাপ।

নাব্যসংকটে তলদেশ ভরাট হয়ে থাকা নদীতে সেই পানি দ্রুত তীরবর্তী এলাকায় চাপ সৃষ্টি করে। প্রবল স্রোতে নদীর পাড়ে দেখা দেয় ভাঙন। ২০২২ সালের মধ্য অক্টোবরে হঠাৎ হড়পা বানে তিস্তাপারের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের বড় একটি অংশে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করে।

জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন

ভাঙন প্রতিরোধে কুড়িগ্রাম অংশে দীর্ঘদিন ধরে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এই ব্যবস্থা স্থায়ী নয়। প্রবল স্রোত ও ঘূর্ণিস্রোতে অনেক সময় জিও ব্যাগ ধসে তীর ও বাঁধের অংশ ভেঙে যাচ্ছে। সম্প্রতি রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় জিও ব্যাগ ধসে একটি ক্রসবাঁধের প্রায় ৪০ মিটার অংশ ভেঙে যায়। এতে নতুন করে আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মধ্যে।

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকার বাসিন্দা আশরাফুল আলম বলেন, “তিস্তায় দীর্ঘদিন খনন না হওয়ায় নদীর গভীরতা কমেছে। পানি বাড়লেই স্রোতের চাপ তীরে এসে পড়ে। প্রতি বছর কোনো না কোনো জায়গায় ভাঙন দেখা দেয়। বারবার নদীভাঙনের শিকার হয়েও চরে আবাদ করার আশায় তারা তিস্তাপাড়ে পড়ে আছেন”।

পাড়ামৌলা গ্রামের রহিমা বেগমের বসতভিটাও তিস্তায় বিলীন হয়েছে। এখন ক্রসবাঁধের নিচে অন্যের জমি ভাড়া নিয়ে মাথা গুঁজে আছেন তিনি। তার ভাষায়, “নদীটা খুঁড়ি বান্ধার ব্যবস্থা করলে হামার থাকার ব্যবস্থা হইল হয়”।

২০ বছরে দেড় হাজার পরিবার ভাঙনের শিকার

বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, “২০০০ সাল থেকে ইউনিয়নের সাতটি মৌজার প্রায় দেড় হাজার পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। প্রতিবছরই নতুন নতুন পরিবার ভাঙনের কবলে পড়ছে”।

তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সময় লাগলে অন্তত ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ করা দরকার। তা না হলে ভাঙনে আরও বহু পরিবার বসতভিটা ও জমি হারাবে”।

সাড়ে ১৪ কিলোমিটারজুড়ে জিও ব্যাগ

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “কুড়িগ্রামের তিস্তায় সাড়ে ১৪ কিলোমিটারজুড়ে জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। আপাতত স্থায়ী তীর প্রতিরক্ষা বা নদী খননের কোনো পরিকল্পনা নেই”।

তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে নদীর দুই পাড় সুরক্ষিত করে ভাঙন সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা