প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের নতুন উড়োজাহাজ কেনার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ক্রয়চুক্তিকে বোয়িং এবং যুক্তরাষ্ট্রের সামগ্রিক উৎপাদন খাতের জন্য একটি ‘বড় দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ প্রতিক্রিয়া জানান।
ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, “বোয়িং ও আমেরিকার উৎপাদন খাতের জন্য এ এক বড় দিন! হাওয়ার্ড লাটনিক ও বাণিজ্য দপ্তরের সহায়তায় তুরস্ক ও বাংলাদেশ আজ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে; এর সঙ্গে আরও ৫০টি কেনার সুযোগ থাকছে।”
কয়েক হাজার কোটি ডলারের এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কীভাবে লাভবান হবে, তা তুলে ধরে পোস্টে ট্রাম্প আরও লেখেন, “কয়েক হাজার কোটি ডলারের এই বিক্রি ও বিশাল মার্কিন রপ্তানি দেশজুড়ে হাজার হাজার আমেরিকানের কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়তা করবে। বোয়িং ও আমি আগাগোড়াই যা জানতাম, বাজার এখন তা বুঝতে পারছে: যখন আপনি আমেরিকায় উৎপাদন করেন, আমেরিকা থেকে রপ্তানি করেন ও আমেরিকান শ্রমিকদের সমর্থন জোগান, তখন আপনি আপনার কোম্পানিকে আরও শক্তিশালী করে তোলেন। বোয়িং এবং এর অসাধারণ সব কর্মীকে অভিনন্দন! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।”
এর আগে বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি সই করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
অন্যদিকে তুরস্কের জাতীয় পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১০০টি উড়োজাহাজ কিনেছে এবং আরও ৫০টি কেনার সুযোগ নিশ্চিত করেছে বলে বুধবার ঘোষণা দেয় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।