প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় নতুন কৌশলের সন্ধান পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তকে কেন্দ্র করে ‘হিট অ্যান্ড রান’ কৌশলে ককটেল বিস্ফোরণ, গণপরিবহণে অগ্নিসংযোগ এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা চলছে। নাশকতার সম্ভাব্য লক্ষ্য হিসেবে মেট্রোরেল, রেলপথ ও কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ পরিস্থিতিতে রাজধানীর প্রবেশমুখ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। ড্রোনেও চলছে পর্যবেক্ষণ। নাশকতা ঠেকাতে এসআরবি, ডিএমপি, ডিবি ও সিটিটিসির সদস্যরা সমন্বিতভাবে মাঠে কাজ করছেন। দেশের বিভাগ ও জেলাগুলোতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের শিকার হওয়া কয়েকটি বাসের মালিকানা আওয়ামী লীগ-সমর্থিত বা সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে রয়েছে। নিজেদের মালিকানাধীন বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি, দায় অন্যের ওপর চাপানো এবং বিমার অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে কি না- তাও তদন্তের আওতায় রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাজধানীর পূর্বাঞ্চলের ডেমরা, যাত্রাবাড়ী, সবুজবাগ, বাসাবো ও খিলগাঁও এবং পশ্চিমাঞ্চলের গাবতলী, মোহাম্মদপুর, বসিলা ও মিরপুরের শেষাংশকে বিশেষভাবে নজরদারিতে রাখা হয়েছে। এসব এলাকার ভৌগোলিক অবস্থান ও ঘনবসতিকে কাজে লাগিয়ে নাশকতার পর দ্রুত ঢাকার বাইরে চলে যাওয়া কিংবা নগরীর অলিগলিতে আত্মগোপনের চেষ্টা হতে পারে বলে মনে করছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, প্রথমে ককটেল নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি যাচাই বা মহড়া চালানো হচ্ছে। এরপর সুযোগ বুঝে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বড় ধরনের নাশকতার আশঙ্কায় রেলস্টেশন, রেলপথ, মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়ও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই এলাকায় নিয়মিত নিরাপত্তার পাশাপাশি বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। নাশকতায় একটি রাজনৈতিক গোষ্ঠীর অর্থ জোগান ও ইন্ধনের তথ্য পাওয়ার দাবি করে তিনি জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁর ভাষ্য, বিদেশে অবস্থানরত ওই গোষ্ঠীর শীর্ষ নেতারা দেশের ভেতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং অর্থ পাঠাচ্ছেন।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর রাতে কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাখাওয়াত হোসেন রায়হান ও সাইমুনকে গ্রেপ্তারে করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। রায়হান কমলাপুর স্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এবং ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। সাইমুনকে যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, গণপরিবহণে আগুন ও ককটেল নিক্ষেপের অন্যতম উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা। তাঁর মতে, রাজধানীর প্রান্তিক এলাকায় অতিরিক্ত ভিড়, ঘনবসতি এবং দ্রুত সরে যাওয়ার সুযোগ থাকায় নাশকতাকারীরা এসব স্থানকে বেছে নিতে পারে। পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।