প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০ পিএম
কোলাজ ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রত্যাশা ও আন্তর্জাতিক অগ্রাধিকারের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে সাধারণ পরিষদ হলে দেওয়া ভাষণটি ছিল সম্পূর্ণ বাংলায়। এর মধ্য দিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পৃক্ততায় যুক্ত হলো নতুন এক অধ্যায়।
নিজের প্রথম ভাষণের শুরুতেই স্মৃতিকাতরতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে কথা বলেছেন। আজ তিনিও বাংলাদেশের জনগণের স্বার্থ এবং একটি শান্তিময় বিশ্বসমাজের প্রত্যাশা নিয়ে এই মঞ্চে দাঁড়িয়েছেন।
তারেক রহমানের ভাষণে বিশেষ গুরুত্ব পায় জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক সংকট এবং রোহিঙ্গা সমস্যা। বৈশ্বিক সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতিসংঘের এই মঞ্চে জিয়া পরিবারের উপস্থিতির ইতিহাস শুরু হয় ১৯৮০ সালে। ওই বছরের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার বক্তব্যে উঠে আসে ধনী-দরিদ্র দেশের বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা। শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে বিশ্ব গড়ার আহ্বানও জানান তিনি।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। এ ছাড়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সভা, ২০০২ সালের শিশু বিষয়ক বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালে পৃথক সভাতেও বক্তব্য রাখেন তিনি।
ফলে তারেক রহমানের প্রথম জাতিসংঘ ভাষণ শুধু বাংলাদেশের সমসাময়িক অবস্থান তুলে ধরার ঘটনাই নয়; এটি জাতিসংঘের বিশ্বমঞ্চে জিয়া পরিবারের দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় একটি নতুন সংযোজন।