গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য প্রয়োজনীয় তথ্য জরুরিভিত্তিতে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরকে পুনরায় তাগিদ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
এর আগে ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত তাগিদপত্র-২ জারি করা হয়।
এতে নির্ধারিত ছকে সঠিক তথ্য পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট পদ সৃজনের আদেশের কপি সংযুক্ত করে প্রস্তাবিত পদগুলো ভিন্ন কালিতে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ১১তম গ্রেডের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের লক্ষ্যে গত বছরের ২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছিল। নির্ধারিত সময়েও তথ্য না পাওয়ায় একই বছরের ২৮ অক্টোবর প্রথম দফায় তাগিদপত্র দেওয়া হয়।
এরপরও চাহিত তথ্য না পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরকে পুনরায় জরুরিভিত্তিতে তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে পরিচালক (প্রশাসন)-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।