বিশেষ প্রতিবেদক, নিউইয়র্ক থেকে
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনে মহাসচিবের সঙ্গে বৈঠক করেন।
সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদার, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদান গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও বৈঠকে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।