গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, নদীভাঙন ও খাদ্যনিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জলবায়ু পরিবর্তন ও ন্যায়সংগত রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত বৈঠকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি ও অভিযোজন নিয়ে আলোচনা হয়। বৈঠকটির লক্ষ্য ছিল জলবায়ু ন্যায়বিচার ও ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা ধরে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
প্রধানমন্ত্রী বলেন, চলতি শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ১২ থেকে ১৮ শতাংশ পানির নিচে তলিয়ে যেতে পারে। এতে কয়েক কোটি মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ইতোমধ্যে তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশের সমপরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। একইসঙ্গে দেশের খাদ্যনিরাপত্তাও গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চলতি বাজেটে জলবায়ু অভিযোজনের জন্য প্রায় ৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। তবে ঝুঁকির মাত্রা বিবেচনায় আন্তর্জাতিক সহায়তা ছাড়া এসব উদ্যোগ যথেষ্ট হবে না।
বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণে এসব উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী।
জ্বালানি খাতের রূপান্তরের বিষয়টিও বক্তব্যে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নিয়েছে।
এর পাশাপাশি পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাটজাত পণ্য, পরিবেশবান্ধব পরিবহন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং সার্কুলার ইকোনমির মতো উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে। একইসঙ্গে একটি জাতীয় কার্বন বাজার গড়ে তোলার কাজ চলছে বলেও জানান তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। প্রথমত, প্যারিস চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সীমা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর আহ্বান জানান তিনি।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়নকে পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য করার কথা বলেন। তৃতীয়ত, ন্যায়সংগত ও সমতাভিত্তিক জলবায়ু রূপান্তরের জন্য জলবায়ুবান্ধব প্রযুক্তিতে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। চতুর্থত, সহজলভ্য অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানোর কথা বলেন তিনি। পঞ্চমত, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গঠিত ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর পূর্ণ বাস্তবায়ন ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন অংশীদারত্ব চায়, যা দেশটির জলবায়ু মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই পৃথিবী গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।