× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের উত্তাপ কাঁচাবাজারে

সৌরভ হোসেন, ঢাকা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৪ পিএম

সবজির বাজার। প্রতীকী ছবি

সবজির বাজার। প্রতীকী ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং টানা বৃষ্টিতে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হওয়ার অজুহাতে বাড়ছে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, দিনমজুর ও সীমিত আয়ের মানুষ।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, উত্তরা, বসুন্ধরা, রামপুরা, মালিবাগ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে গোল বেগুন ও সিমের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বর্তমানে গোল বেগুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সিম ২৪০ টাকা কেজি দরে।

শান্তিনগরে বাজার করতে আসা একটি কোম্পানির স্বল্প বেতনের কর্মচারী মো. লিয়াকত হোসেন বলেন, মাসের শেষ, হাতে তেমন টাকা নেই। বাজারে এসে দেখি পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম বেড়েছে। এখন কোন সবজি কিনব, সেটাই বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। কাঁচামরিচের দামও ২০ টাকা বেড়ে হয়েছে ২০০ টাকা। এ ছাড়া লম্বা বেগুন ১২০, করলা ১০০, ঝিঙা ৮০, গাজর ১৪০, ঢেঁড়স ৬০, লাউ ৮০, পটোল ১০০, জালি ৬০, মিষ্টি কুমড়া ৬০, কচুরমুখি ১০০ এবং কাঁকরোল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। পাশাপাশি কয়েক দিনের বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহও কমেছে। ফলে সবজির দাম বেড়েছে।

সবজির পাশাপাশি ডিম, তরল দুধ, তেল, আটা ও ময়দার দামও বেড়েছে। এক লিটার তরল দুধে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। বিক্রেতাদের ভাষ্য, কোম্পানি দাম বাড়িয়েছে, তাদের এক্ষেত্রে কিছু করার নেই। বাজারে প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা এবং হাঁসের ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের কেউ কেউ দাবি করছেন, ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে।

এক ক্রেতা বলেন, আগে ১২০ টাকা দিয়ে ডজন ডিম কিনতাম। এখন ১৫০ থেকে ১৬০ টাকা দিতে হচ্ছে। তাই আগের তুলনায় খাওয়াও কিছুটা কমাতে হচ্ছে। মালিবাগ বাজারে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। খোলা সয়াবিন তেল ৬-৭ টাকা বেশি দরে ২০৫ টাকা লিটার বিক্রি হচ্ছে। একই সঙ্গে ৬৫ টাকার ময়দা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৮৭ টাকায়।

মাংসের বাজারেও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ২২০ টাকা, সোনালি ৩২০-৩৪০, হাইব্রিড ২৯০-৩০০ এবং লেয়ার ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা কেজি। নয়ন মাংস বিতানের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হোসেন বলেন, ঠান্ডা আবহাওয়ায় মাংসের উৎপাদন ভালো হলেও পরিবহন ব্যয়ের কারণে দাম কিছুটা বেশি।

তবে কারওয়ান বাজারে মাছের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। রুই ও কাতলা আকারভেদে ৫০০-৫৫০ টাকা এবং পাবদা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে মাছ কিনতে আসা মো. হাসান বলেন, ‘মাছের দাম এখন আগের মতোই আছে। পরিবারের আমিষের চাহিদা মেটাতে ট্যাংরা ও পাবদা মাছ নিয়েছি। তবে প্রতিনিয়ত সব পণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’

ব্যবসায়ীদের দাবি, তারা অতিরিক্ত মুনাফা করছেন না; বরং বাড়তি দামে পণ্য কিনে সামান্য লাভে বিক্রি করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা