× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুতের তাগিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫২ পিএম

সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন আইনপ্রণেতা ও বিশেষজ্ঞরা।

মৎস্য অভয়াশ্রম ও প্রজননক্ষেত্রের সুরক্ষায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তারা।

তাদের মতে, জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি মৎস্যসম্পদ সুরক্ষায়ও সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে ‘মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব মতামত উঠে আসে। 

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের আওতায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ) এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন এ সভার আয়োজন করে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরডিএফের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী।

তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মৎস্য খাতকেও এই লক্ষ্যমাত্রার অংশীদার করার সুযোগ রয়েছে।

প্রবন্ধে মৎস্য খাতে সৌরবিদ্যুতের ব্যবহারের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। এর মধ্যে হ্যাচারিতে সৌরচালিত পানি সঞ্চালন ও এয়ারেটর, পুকুর ও ঘেরে সৌর প্যানেল, বরফকল ও হিমাগারে সৌরবিদ্যুৎ এবং মাছ প্রক্রিয়াজাতকরণে সৌর ড্রায়ার ব্যবহারের প্রস্তাব রয়েছে। পাশাপাশি জেলেপাড়ায় সৌর মিনি-গ্রিড স্থাপন করে আলো, মোবাইল চার্জিং, জাল তৈরির কাজ ও ঘাটে নিরাপত্তা-আলো নিশ্চিত করার কথা বলা হয়।

রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনাও তুলে ধরা হয়।

প্রবন্ধে বলা হয়, সেখানে ৯১৮ দশমিক ৪ একর খালি জমিতে ৪৪২ থেকে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব করেছে সরকার। একই মডেল পায়রা, পটুয়াখালী ও তালতলীতেও প্রয়োগ করে ‘কয়লা থেকে নবায়নযোগ্য’ জ্বালানিতে রূপান্তরের জাতীয় কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় বিদ্যুৎ চাহিদার অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে খাস জমি বরাদ্দ ও ব্যাটারি স্টোরেজ উন্নয়নের কাজ চলছে। মৎস্য খাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথি সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, শুধু নবায়নযোগ্য জ্বালানি নয়, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায়ও কাজ করতে হবে। এ কাজে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা