ইট ভাটার জন্য কৃষিজমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। ফাইল ছবি
স্বাধীনতার পর ৫২ বছরে দেশে আবাদী জমির পরিমাণ কমেছে ৩০ শতাংশ। ১৯৭১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে আবাদি জমি কমলেও বেড়েছে কৃষি উৎপাদন।
এ সময়ে ধানের উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৮ গুণ, গমের ১৭ দশমিক ২৭ গুণ এবং ভুট্টার উৎপাদন বেড়েছে ২ হাজার ২৬৬ দশমিক ৬৭ গুণ।
ঢাকার ফার্মগেটে সার্ক এগ্রিকালচার কনফারেন্স রুমে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালার শেষ দিনে এসব তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সদস্যদের জন্য আয়োজিত কর্মশালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ড. মো. আবদুছ ছালাম।
তিনি বলেন, দেশে প্রতিবছর ২০ থেকে ২২ লাখ মানুষ বাড়ছে। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বছরে ০ দশমিক ৩৬ শতাংশ হারে কৃষিজমি কমছে। প্রতিদিন প্রায় ৩০৭ একর জমি শিল্পায়ন, নগরায়ণ, বসতবাড়ি ও রাস্তাঘাট নির্মাণে চলে যাচ্ছে। এটি খাদ্য উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি জানান, নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের (গ্যাপ) আলোকে পাঁচটি ফল ও ১০টি সবজি আবাদে জোর দেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে তিন লাখ হেক্টর জমিতে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন বাড়াতে ভালো মাটি ও মানসম্মত বীজের ওপর গুরুত্ব দেন তিনি।
কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির (এটিসিসি) কার্যপরিধি নিয়ে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।
তিনি জানান, দক্ষিণাঞ্চলে সূর্যমুখী চাষ বাড়ানো হবে। আগামী মৌসুমের আগেই খুলনা ও বরিশালে তেল উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মৎস্য অধিদপ্তরের ইনল্যান্ডের পরিচালক মো. মোতালেব হোসেন জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৫১ দশমিক ১১ লাখ টন মাছ উৎপাদিত হয়েছে। মাছ চাষে যুক্ত রয়েছেন ১৪ লাখ নারী। তবে হাওর, নদী, খাল-বিলসহ মিঠাপানির মাছের উৎপাদন কমেছে।
বিএআরসির প্রাণিসম্পদ বিভাগের সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মেধাসম্পন্ন জাতি গঠনে দুধ, ডিম, মাছ ও মাংসসহ প্রাণিজ আমিষের পর্যাপ্ততা নিশ্চিত করা জরুরি।
কর্মশালায় কৃষি অর্থনীতি, শস্যবিমা ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। তিন দিনে ১৫ প্রশিক্ষক ১৫টি বিষয়ে প্রশিক্ষণ দেন।