প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৯ পিএম
প্রতীকী ছবি
ডিজিটাল ব্যাংক চালুর পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিকাশ, রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা, বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপসহ চার উদ্যোগকে ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমোদন দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও লেটার অব ইনটেন্ট বা এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান চারটি নতুন প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক অনুমোদন পাওয়া চারটি উদ্যোগ হলো ডিকে ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক। ডিকে ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা। নোভা ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা ভিওন ও স্কয়ার গ্রুপ। আর বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।
এখন এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এলওআই দেওয়া হবে। এলওআই হলো ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রাথমিক সম্মতির আনুষ্ঠানিক চিঠি। এটি পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত অনুমোদন নিয়ে ব্যাংকগুলো কার্যক্রম শুরু করতে পারবে। ফলে প্রাথমিক অনুমোদন পাওয়ার অর্থ তাৎক্ষণিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করার সুযোগ পাওয়া নয়; বরং এটি পরবর্তী অনুমোদন প্রক্রিয়ায় যাওয়ার একটি ধাপ।
ডিজিটাল ব্যাংক স্থাপনের এ প্রক্রিয়া অবশ্য নতুন নয়। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত নতুন করে আবেদন গ্রহণ করেছিল। ওই দফায় বিভিন্ন দেশীয় ও বিদেশি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করে। আবেদনকারীদের মধ্যে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর, শিল্পগোষ্ঠী ও অন্যান্য প্রতিষ্ঠানের উদ্যোগ ছিল। প্রাথমিক তালিকায় বিকাশ, রবি, ভিওন ও স্কয়ারের উদ্যোগও ছিল।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ডিজিটাল ব্যাংকের জন্য ১৩টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। তবে বিভিন্ন কারণে তখন অনুমোদনের প্রক্রিয়া এগোয়নি।
পরবর্তীতে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর নতুন করে আবেদন না নিয়ে আগের আবেদনগুলোর মধ্য থেকেই চারটি উদ্যোগকে প্রাথমিক অনুমোদনের জন্য বিবেচনা করা হয়েছে।
ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে প্রচলিত ব্যাংকের মতো শাখা, উপশাখা বা নিজস্ব এটিএম নেটওয়ার্কের ওপর নির্ভর করার সুযোগ নেই। প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় গ্রাহকের হিসাব খোলা, অর্থ জমা ও স্থানান্তর, লেনদেন এবং ঋণসেবার মতো কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ ধরনের ব্যাংক কাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে ব্যাংকিং সেবার পরিধি প্রযুক্তিনির্ভরভাবে বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
এদিকে দেশে ডিজিটাল লেনদেনের অবকাঠামোও সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলা কিউআর ব্যবহারে দৈনিক গড় লেনদেনের সংখ্যা ৩ দশমিক ৩১ গুণ বেড়েছে। একই সময়ে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে ৪ দশমিক ৭১ গুণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলা কিউআর ব্যবস্থায় প্রায় ১০ লাখ ব্যবসায়ী যুক্ত হয়েছেন।
তবে প্রাথমিক অনুমোদনের পর এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামনে রয়েছে এলওআই এবং পরবর্তী আনুষ্ঠানিকতার ধাপ। এসব শর্ত পূরণ করে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করা যাবে।