সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৃহস্পতিবার তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ও আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নির্ধারিত সময়ে ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তখন তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৪৫ বছর পূর্ণ হওয়ার পর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জ্যেষ্ঠ আইনজীবী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সন্তান দেবাশীষ রায় চৌধুরী যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
২০০৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
দীর্ঘ আইন পেশার পর ২০২৪ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন।