প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম
বর্ষাকালে ভারত পানি ছাড়লে আকস্মিক বন্যা ও ভাঙন দেখা দেয় তিস্তা পাড়ে। ফাইল ছবি/বিবিসি
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বেড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। তবে সংস্থাটি জানিয়েছে, পানি বৃদ্ধির এই প্রবণতা থাকলেও বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।
বুলেটিনের তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানে মাঝারি থেকে ভারি এবং পরবর্তী দুই দিনে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টিপাতের কারণে তিস্তাসহ উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও বেড়েছে তিস্তার পানি। এর ফলেই আগামী এক থেকে দুই দিনের মধ্যে নদীটির পানি পাঁচ জেলার কিছু অংশে সতর্কসীমায় পৌঁছানোর ঝুঁকি দেখা দিয়েছে।
এদিকে দেশের অন্যান্য নদ-নদীর মধ্যে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি বাড়লেও আগামী পাঁচ দিন তা কমতে পারে। একই সময়ে গঙ্গার পানি কমেছে এবং পদ্মার পানি স্থিতিশীল রয়েছে; আগামী পাঁচ দিনে এই দুই নদীর পানিও হ্রাস পেতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমার প্রবণতা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।